ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুপার কাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ লিগ শেষ হওয়ার পরপরই মাঠে গড়াবে কোটি টাকার এই প্রতিযোগিতা।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ঘোষণা দিয়েছেন, আগামী মাসেই শুরু হবে সুপার কাপ। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেবে তা এখনো ঠিক করা হয়নি। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশ লিগের প্রথম সারির দলগুলোকে নিয়েই এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। তবে সব দল নয়, নেয়া হতে পারে ছয় থেকে আটটি দলকে।
বাফুফে সভাপতি সাংবাদিকদের জানান, প্রতিযোগিতার স্পন্সর হতে পারে গ্রামীণ ফোন।
ধারণা করা হচ্ছে, জুলাই'র মাঝামাঝি সময় প্রতিযোগিতা শুরু হতে পারে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ লিগ শেষ হবে ২৬ জুন। এরপরেই সুপার কাপ নিয়ে মাঠে নামতে চাইছে বাফুফে।
২০০৯ সালে প্রথমবারের মতো আয়োজন করা হয় কোটি টাকার সুপার কাপ। সেবার ঢাকা মোহামেডান চ্যাম্পিয়ন হয়ে এক কোটি টাকা জেতে। ২০১০ সালে ঘোষণা দিয়েও প্রতিযোগিতার আয়োজন করতে পারেনি বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৩২ ঘ.
bdnews24