ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের প্রাক বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে দু'টি খেলাকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ২২ জুন শুরু হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি সোমবার এক সভায় এই সিন্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় দলের আবাসিক ক্যাম্প হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)।
জাতীয় দলের ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচ এখন তার নিজ দেশে রয়েছেন। কোচের সঙ্গে বাফুফের যোগাযোগ এখন নাই বললেই চলে। তিনি যদি না আসেন তাহলে দেশের কোনো কোচকে দায়িত্ব দেয়া হতে পারে বলে কমিটির নাম প্রকাশে অনিচ্ছিুক এক কর্মকর্তা জানান।
এদিকে দলের ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ফুটবলার সাইদ হাসান কাননকে।
২৯ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ফিরতি খেলা হবে ৩ জুলাই পাকিস্তানের লাহোরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১৫
bdnews24