ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'পাতানো ম্যাচ' না খেললে বাংলাদেশের ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব বলে মনে করেন জাতীয় দলের সাবেক কোচ ও খেলোয়াড় আবু ইউসুফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার তিনি বলেন, "ঢাকার ফুটবলে এর আগে 'পাতানো' খেলা হয়েছে এবং এখনো হচ্ছে। ভবিষ্যতেও হবে। এ কারণেই আমাদের ফুটবলের অবস্থা এতো করুণ।"
গত শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও রহমতগঞ্জ এমএফএসের খেলা পাতানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। মাঠেই দর্শকরা দুয়োধ্বনি দেন এবং জুতা দেখান খেলোয়াড়দের। খেলায় ২ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-২ গোলে জেতে শেখ জামাল।
খেলা সম্পের্কে ফেনী সকার ক্লাবের কোচ আবু ইউসুফ বলেন, "আমি খেলা দেখিনি। তাই খেলাটি সম্পর্কে মন্তব্য করতে চাই না। তবে এ কথা ঠিক যে, 'পাতানো' ম্যাচ না খেললে বাংলাদেশে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব। এটা একেবারে বাস্তব।"
"অতীতে অনেক দল 'পাতানো' ম্যাচ খেলে চ্যাম্পিয়ন হয়েছে। তাই ঢাকার ফুটবল থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ পকেটের টাকা খরচ করে দর্শক তো আর এমন পাতানো ম্যাচ দেখতে আসবে না," বলেন তিনি।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাবেক এই কোচ বলেন, "এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের নীরবতা বড়ই বিস্ময়কর। তারা প্রমাণের কথা বলে দায় এড়াতে চান। কিন্তু বাস্তবতা হলো, যারাই বাফুফের কর্মকর্তা তারাই আবার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা। আর যাই হোক, তারা তো আর নিজেদের ক্লাবের বিপক্ষে যেতে পারবেন না।"
"আসলে কিছু কিছু কর্মকর্তা ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হন অন্য রকম উদ্দেশ্য নিয়ে। তাদের কাছে ফুটবল মুখ্য নয়। এর পেছনে অন্য কোনো কারণ আছে," বলেন তিনি।
শেখ জামালের বিপক্ষে 'পাতানো' খেলার অভিযোগ উঠেছে। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়ে ক্লাবটির সভাপতি মনজুর কাদের বলেন, "আমরা 'পাতানো' ম্যাচ খেলিনি, খেলার প্রশ্নই আসে না। শনিবার রহমতগঞ্জের বিপক্ষে খেলায় আমরা প্রথমে দুই গোল হজম করেছি। কিন্তু শেষ পর্যন্ত পাঁচ গোল দিয়ে জিতেছি। পাঁচটি গোল তো আর এমনি-এমনি দেয়া যায় না, খেলেই দিতে হয়।"
"রহমতগঞ্জের একজন খেলোয়াড় লাল কার্ড পাওয়ায় মূলত আমাদের জয়টা সহজ হয়ে গেছে। এ নিয়ে কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩১০ ঘ.
bdnews24