২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে হারিয়ে পানামার অঘটন

যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপে অঘটন ঘটিয়েছে পানামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম) - যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপে অঘটন ঘটিয়েছে পানামা। ১২ দলের এই প্রতিযোগিতাটি নিয়ে এমনিতেই ফুটবল বিশ্বের তেমন কোনো মাথাব্যথা নেই। উল্লেখ করার মতো দু'টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। ঘুরেফিরে এই দল দু'টিই এমন কিছু করছে, যা চায়ের কাপে আলোচনায় টেনে আনছে গোল্ড কাপকে। প্রথমে মাদক পরীক্ষায় উতরাতে না পারায় মেক্সিকোর পাঁচ খেলোয়াড়কে বাদ দেয়া হয় দল থেকে। আর এবার টুর্নামেন্টের আরেক 'ফেভারিট' যুক্তরাষ্ট্র তো হেরেই বসলো। ফ্লোরিডার রেমন্ড জেমস স্টেডিয়ামে রোববার সমর্থকদের রীতিমতো হতাশ করে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে দলটি। প্রথম গোলটি আসে লুইস তাজেদার পা থেকে। ১৯ মিনিটে ছয় গজ দূর থেকে পানামার এই খেলোয়াড় বল ঠেলে দেন যুক্তরাষ্ট্রের জালে। ৩৬ মিনিটে ব্লাস পেরেজকে বক্সে ফেলে দেন টিম রিম। রেফারি পেনাল্টির বাঁশি বাজান পানামার পক্ষে। গ্যাব্রিয়েল গোমেজের শট ঠেকানোর সাধ্য ছিল না যুক্তরাষ্ট্রের তারকা গোলরক্ষক টিম হাওয়ার্ডের। দ্বিতীয়ার্ধে অপেক্ষাকৃত ভালো খেলে যুক্তরাষ্ট্র। তবে একটির বেশি গোল শোধ করা সম্ভব হয়নি। ক্ল্যারেন্স গুডসনের ৬৬ মিনিটের 'হেড' আশার আলো দেখিয়েছিল স্বাগতিকদের। কিন্তু শেষ পর্যন্ত নিজের মাঠে ২-১ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/টিএ/টিআর/১৯৪৫ ঘ.