২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর পর বুটজোড়া তুলে রাখবো: আদেবায়োর

বয়স মাত্র ২৭। 'ফর্ম'টা ওঠানামা করছে। সে কারণেই কি কিছুটা হতাশ রিয়াল মাদ্রিদের ইমানুয়েল আদেবায়োর? তাই ভাবছেন ফুটবল ছেড়ে দেবেন। তবে চার বছর পরে। এরপর পরিবারকে সময় দিতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বয়স মাত্র ২৭। 'ফর্ম'টা ওঠানামা করছে। সে কারণেই কি কিছুটা হতাশ রিয়াল মাদ্রিদের ইমানুয়েল আদেবায়োর? তাই ভাবছেন ফুটবল ছেড়ে দেবেন। তবে চার বছর পরে। এরপর পরিবারকে সময় দিতে চান। পারিবারিক 'রিয়েল এস্টেট' ব্যবসার দিকেও হঠাৎ মনোযোগ বেড়েছে এই টোগোলিজের। আদেবায়োর তাই জোরেসোরে ব্যবসায় নামার সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুধু ব্যবসা নয়, তার না কি গাড়ির চালক হওয়ারও খায়েশ জেগেছে! নিজের সন্তানদের গাড়ি চালিয়ে স্কুল নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে চাইছেন তিনি। রেডিও স্টেশন জয় এফএমকে দেয়া সাক্ষাৎকারে একেবারে মন খুলে কথা বলেছেন আদেবায়োর। শুনুন তার কণ্ঠে, "চার বছর পর ফুটবল ত্যাগ করছি, নিশ্চিত থাকতে পারেন। এরপর আফ্রিকায় ফিরবো। আমার কাজ হবে সন্তানদের গাড়ি চালিয়ে স্কুলে নিয়ে যাওয়া।" ম্যানচেস্টার সিটি থেকে ধারে এই মুহূর্তে খেলছেন স্পেনের বিখ্যাত দল রিয়াল মাদ্রিদে। একমাত্র নিজের ভালো বোঝে না, এমন পাগলই স্বেচ্ছায় মাদ্রিদ ছাড়তে চাইবে। নিজের ভালোটা বেশ বোঝেন আদেবায়োর। মাদ্রিদ ছাড়ারতো প্রশ্নই ওঠে না। তবে তার ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ নাও হতে পারে। ম্যান সিটি ডেকে পাঠালে স্পেন ছেড়ে উড়াল দিতে হবে ইংল্যান্ডে। দলবদলের মৌসুমে আদেবাযোরকে নিয়ে গুঞ্জন আছে, সাবেক দল আর্সেনালের ফিরতে পারেন তিনি। তবে আদেবায়োর বলছেন, 'গানার্স' সতীর্থদের সঙ্গে যোগাযোগটা নিয়মিত হয়। তার মানে এই নয় আর্সেনালে ফেরার কোনো সম্ভাবনা আছে। তিনি বলেন, "নিঃসন্দেহে আর্সেনালে দারুণ কিছু সময় কাটিয়েছি। কিন্তু আর্সেনালকে কি আমি 'মিস' করি? আমি অনেক এগিয়েছি। আমার জন্য আর্সেনাল এখন অতীত। যদিও সাবেক সতীর্থদের সঙ্গে নিয়মিত কথা হয়।" সাজঘরে আদেবায়োর বেশ জনপ্রিয়। সতীর্থদের না কি বেশ হাসাতে পারেন। সুযোগ পেয়ে সাজঘরের বাইরে নিজের রসিক চরিত্রের খানিকটা তুলে ধরেন তিনি। প্রসঙ্গ রিয়েল এস্টেট ব্যবসা। "আমি বাড়িঘর কিনেই চলেছি। আমি নিজেও জানিনা আমার কয়টা বাড়ি আছে... বাড়ি কিনতে আমি বড্ড ভালোবাসি।" প্রসঙ্গত, টোগো এবং ঘানা মিলিয়ে আদেবায়োরের ২৮টির মতো বাড়ি আছে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৮৫৭ ঘ.