ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ করেছে মেক্সিকো ফুটবল ফেডারেশন। এরই মধ্যে কনকাকাফ গোল্ড কাপের দল থেকে বাদ দেয়া হয়েছে তাদের।
এর ফলে প্রতিযোগিতার বাকি অংশ খেলতে পারবেন না তারা। নিষিদ্ধ খেলোয়াড়রা হলেন গোলরক্ষক গুইলারমো ওছোয়া, ফ্রান্সিসকো রড্রিগুয়েজ, অ্যান্তনিয়ো নেলসন, ক্রিশ্চিয়ান বারমুদেজ ও এডগার ডুয়েনাস।
তাদের শরীরে নিষিদ্ধ মাদক 'ক্লেনবুটেরল' পাওয়া গেছে।
মেক্সিকো ফুটবল ফেড়ারেশনের সেক্রেটারি জেনারেল দিসিও ডি মারিয়া এক সাংবাদ সম্মেলনে খবরটির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে মাদক পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাদের বাদ দেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন তদন্ত চালানো হবে বলে তিনি জানান।
অভিযোগ প্রমাণ হলে, ছয় মাস থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে তাদের।
মারিয়া অবশ্য খেলোয়াড়দের পক্ষেই সাফাই গাইছেন। তিনি বলেন, নিষিদ্ধ মাদক দ্রব্য গরুর মাংসের সঙ্গে মেশানো ছিল, যা খাবার হিসেবে খেলোয়াড়রা খেয়েছেন।
২১ মে মাদক পরীক্ষা করা হয়। ফলাফল প্রকাশ করা হয় গত বুধবার। তাই প্রশ্ন উঠেছে, ৬ জুন কনকাকাফ গোল্ড কাপে এল সালভেদরের বিপক্ষে জেতায় যে তিন পয়েন্ট পেয়েছে মেক্সিকো তা কি কেটে নেয় হবে? ওই পাঁচ খেলোয়াড়ই সেদিন মাঠে নেমেছিলেন।
তবে কনকাকাফ পরিচালনা পরিষদের সদস্য বেন স্পেনসার জানান, মেক্সিকোর পয়েন্ট কেটে নেয়া হবে না।
এই পাঁচ খেলোয়াড়ের জায়গায় চলমান গোল্ড কাপে নতুন খেলোয়াড় মেক্সিকো নিতে পারবে কি না, তা নিয়ে শুক্রবার আলোচনায় বসবে কনকাকাফ পরিচালনা পরিষদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩২ ঘ.
bdnews24