ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে জিতেছে ফ্রান্স। এর ফলে দেশটি টানা ১০ ম্যাচ অপরাজিত থাকলো।
পোল্যান্ডের ইজিই এরিনা দান্সতিক মাঠে বৃহস্পতিবার গোলটি হয় খেলার ১৩ মিনিটে। ফ্রান্সের সাগনা আলতো করে বল ঠেলে দেন পোল্যান্ডের বক্সের দিকে। বক্সের ঠিক বাইরে বলটি নিয়ন্ত্রণে নেন চার্লস এনজোবিয়া। গোলপোস্ট লক্ষ্য করে বাঁ পায়ে হালকা বাঁকানো শট নেন উইগ্যান অ্যাথলেটিকের এই খেলোয়াড়। পোল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় টমাস জদলোভিচ মাথা দিয়ে 'ক্লিয়ার' করতে গিয়ে বল জড়িয়ে দেন নিজেদের জালে।
এর আগে মঙ্গলবার ইউক্রেনের বিপক্ষে ৪-১ গোলে জেতে ফ্রান্স। আর আর্জেন্টিনাকে রোববার ২-১ গোলে হারায় পোল্যান্ড। তাই ধারণা করা হচ্ছিল, পোল্যান্ড-ফ্রান্স খেলাটি হবে বেশ উপভোগ্য।
উপভোগ্য হয়েছেও। তবে খেলেছে ফ্রান্স আর পোল্যান্ডের গোলরক্ষক ওজসিচ সিসেনি। বিশ্বস্ত দু'হাতে একের পর এক আক্রমণ রুখে দিয়েছেন তিনি। নইলে একটি নয়, আরো কয়েকটি গোল হজম করতে হতো।
তবে ৭৫ মিনিটে খেলায় প্রায় সমতা এনেই ফেলেছিল স্বাগতিকরা। ফ্রান্স গোলরক্ষক সেডরিক কারাসোকে একা পান লেওয়ানদোস্কি। কিন্তু মাথা দিয়ে বলটি জায়গা মতো পাঠাতে পারেননি। তারপরও গোল হতে যাচ্ছিলা। দৌড়ে এসে গোল লাইন থেকে বল সরিয়ে ফ্রান্সকে রক্ষা করেন সাগনা।
ইউরো বাছাই পর্বে ধুঁকছে ফ্রান্স। টানা ১০ খেলায় হারার মুখ না দেখার পাশাপাশি দুই সপ্তাহে তিন খেলায় জয় পাওয়ায় ফ্রান্স এখন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তারওপর টানা দুই খেলায় জিতেছে ২০১২ সালের ইউরো'র দুই স্বাগতিক দেশ ইউক্রেন ও পোল্যান্ডের বিপক্ষে। এখন এই 'ফর্ম' বাছাই পর্বে টেনে নিয়ে গেলেই হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24