ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে চান বিশ্বের দ্রততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট।
বোল্টের বিশ্বাস, ফুটবলার হিসেবে তিনি যথেষ্ট ভালো করবেন।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড করেন বোল্ট। সে সময় বিশ্ববাসীকে যেভাবে চমকে দিয়েছিলেন, ঠিক একইভাবে ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদেরও চমকে দিতে পারবেন বলে মনে করছেন তিনি।
বিবিসিকে বোল্ট বলেন, "অবসরের পর আমি সত্যিই ফুটবল খেলতে চাই। কেননা আমি বছরের পর বছর ধরে ফুটবল খেলা দেখছি এবং মনে হয় আমি ভালোই করবো।"
"ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামার মতো যথেষ্ট ভালো খেলোয়াড় আমি," বলেন বোল্ট।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "আমি দ্রুত দৌড়াতে পারি। সেই সঙ্গে কিছুটা দক্ষতা তো আমার আছেই। এই দক্ষতা একটু বাড়াতে হবে মাত্র।"
২০০৯ সালে ম্যান ইউ'র অনুশীলন মাঠে গিয়েছিলেন বোল্ট। তখন দলটির সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দৌড়ের গতি বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২৫৮ ঘ.
bdnews24