ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রীতি ম্যাচে বিশ্বকাপ রানার্সআপ নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়েছে উরুগুয়ে।
বুধবার নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। কোপা আমেরিকায় অংশ নেয়ার আগে এই জয় দিয়ে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সারলো বিশ্বকাপের সেমিফাইনালে খেলা উরুগুয়ে।
খেলায় আলো ছড়িয়েছেন লিভারপুলের দুই খেলোয়াড় উরুগুয়ের লুইস সুয়ারেজ ও নেদারল্যান্ডসের ডার্ক কুইট। ৮১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় সুয়ারেজ। অতিরিক্ত সময়ের (৯০ ) দ্বিতীয় মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান কুইট।
গোল দেন সুয়ারেজ। কিন্তু তাকে বল বানিয়ে দেন এডিসন কাভানি। বল তিনি সুয়ারেজের পায়ে এমনভাবে ঠেলে দেন যে গোল করতে কোনো অসুবিধা হয়নি তার। আর কুইট তার গোলটি করেন মাথা দিয়ে।
আক্রমণভাগ নিয়ে মধুর সমস্যায় পড়েছেন ওলন্দাজ কোচ বার্টভ্যান মারউইক, কাকে খেলাবেন ভন পার্সিকে নাকি ক্লাস-জ্যাঁ হুন্টেকে? আপাতত একটা সমাধান বের করেছেন তিনি। খেলালেন দু'জনকেই, তারপরও দল জেতেনি।
স্বাগতিক উরুগুয়ে শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। দিয়েগো ফোরলান, সুয়ারেজ ও কাভানি রীতিমতো পরীক্ষা নেন নেদারল্যান্ডসের রক্ষণভাগের। তবে প্রথমার্ধের ৩০ মিনিটে প্রাপ্য পেনাল্টি থেকে নেদারল্যান্ডস বঞ্চিত না হলে খেলার ফল অন্য রকমও হতে পারতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২১৬ ঘ.
bdnews24