২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হঠকারী সিদ্ধান্ত

রেফারি পেনাল্টি দিয়ে তা প্রত্যাহার করে নেয়াকে হঠকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ। তারা দু'জনই বলছেন, তাদের ফুটবল-জীবনে এমন ঘটনা তারা দেখেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেফারি পেনাল্টি দিয়ে তা প্রত্যাহার করে নেয়াকে হঠকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্রের কোচ। তারা দু'জনই বলছেন, তাদের ফুটবল-জীবনে এমন ঘটনা তারা দেখেননি। পেনাল্টি দিয়ে রেফারির তা প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সোমবার বাংলাদেশ লিগে শেখ জামাল ও শেখ রাসেলের খেলায় উত্তেজনা দেখা দেয়। ফলে খেলা বন্ধ ছিল ১৫ মিনিট। তবে মাঠের চেয়ে মাঠের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে অনেক বেশি। রেফারির সিদ্ধান্ত পরিবর্তন সম্পর্কে শেখ রাসেলের ভারপ্রাপ্ত কোচ হুমায়ুন কবীরকে জিজ্ঞাসা করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, "নিশ্চিত দু'টি পেনাল্টির সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। কিভাবে জিতবো বলেন?" পেনাল্টি হঠাৎ ফ্রি-কিক হয়ে যাওয়ার পর তা মেনে নিয়ে ১৫ মিনিট পর মাঠে নামেন শেখ রাসেলের খেলোয়াড়রা। এ প্রসঙ্গে হুমায়ুুন কবীর বলেন, "আর কি করবো বলুন। মাঠে না নামলে খেলোয়াড়দের বহিষ্কার করা হতো। তাই রেফারির সিদ্ধান্তই মেনে নিতে হলো।" পয়েন্ট তালিকার শীর্ষ দল শেখ জামালের চেয়ে এখন ৬ পয়েন্ট পিছিয়ে পড়লো শেখ রাসেল। শেষ তিন ম্যাচ জিতলেও শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে পড়েছে দলটি। মাথা নাড়তে নাড়তে এক কথায় তা মেনে নিলেন কবীর, "না, আর কোনোভাবেই শিরোপা দৌড়ে নেই আমরা।" শেষ ১৫ মিনিট চাপিয়ে খেলেও সমতা ফেরাতে পারেনি শেখ রাসেল। তিন-চারটি সুযোগ পেলেও খেলোয়াড়রা বারের ওপর দিয়ে বল পঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। কোনো কারণে কি শেখ রাসেল কি চাইছিল তাদের রাজনৈতিক বড়ো ভাই জিতে যাক? এই প্রশ্নটিকে স্রেফ উড়িয়ে দেন তিনি। বলেন, "আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছি।" এদিকে পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তনকে হঠকারী বলে মনে করছেন কোচ পাকির আলী। তিনি বলেন, খেলা পরিচালনার মান আরো ভালো হওয়া উচিত। শেখ জামালের বাকি তিন খেলার প্রতিপক্ষ রহমতগঞ্জ, ঢাকা মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন। বর্তমান লিগের বিচারে তিন দলই দুর্বল। এই তিন প্রতিপক্ষের সঙ্গে জিতলেই শিরোপা উঠবে পাকির আলীর দলের হাতে। তিনি অবশ্য তা মানতে নারাজ, "এখনো কিছু বলা যাচ্ছে না। তিনটা খেলাই গুরুত্বপূর্ণ।" তার সঙ্গে একমত শেখ জামালের আক্রমণভাগের খেলোয়াড় এমিলি ও এনামুল। রহমতগঞ্জ যে ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে, সে কথা ভোলেননি তারা। শেখ জামাল ১৯ খেলায় ৪৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। শেখ রাসেলের পয়েন্ট ৩৮। দলটি আছে তিন নম্বরে। ১৮ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আছে দ্বিতীয় স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩৫৫ ঘ.