ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও বাংলাদেশ লিগে মোহামেডানের নাইজেরিয়ার খেলোয়াড় সানডে সিজোবার হ্যাট্রিকের ওপর ভর করে ফেনী সকার ক্লাবের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে ঢাকা মোহামেডান। যদিও দশজনের দলে পরিণত হয়েছিল মোহামেডান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৭৫ মিনিট পর্যন্ত মোহামেডান ১-২ গোলে পিছিয়ে ছিল। শেষ ১৫ মিনিটে দুই গোল করে জয় নিশ্চিত করে তারা।
খেলার ৩৩ মিনিটে এনামুল হক শরিফের বাড়ানো বল পেয়ে আলতো শটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন সানডে।
৪৩ মিনিটে পেনাল্টি থেকে সকার ক্লাবের নাইজেরিয়ার খেলোয়াড় ফ্রান্সিস গোল শোধ করেন। তৌহিদুল আলমের শট মোহামেডান রক্ষণভাগের খেলোয়াড় হাসান আল মামুনের হাতে লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
খেলার ৬৮ মিনিটে আবারও মোহামেডানের বিপক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বক্সের ভেতর ফ্রান্সিসকে ফেলে দেন লিটন। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। মোহামেডান হয়ে পড়ে দশজনের দলে। আর পেনাল্টি থেকে উগান্ডার ডোমেনিখ কাবুই গোল করে এগিয়ে নেন সকার ক্লাবকে।
৭৭ মিনিটে সানডের গোলে আবারও সমতায় ফেরে মোহামেডান। সোহেল রানার শট সকার ক্লাবের বদলি গোলরক্ষক আব্দুল কাদের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হলে সুযোগ সন্ধানী সানডে বল জড়িয়ে দেন জালে।
খেলা শেষ হওয়ার ৯ মিনিট বাকি থাকতে সানডে তৃতীয় গোল করে নিজের হ্যাট্রিক আদায় করে নেয়ার সঙ্গে সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন।
লিগে সানডের এটি দ্বিতীয় হ্যাট্রিক। প্রথম হ্যাট্রিক করেন তিনি রহমতগঞ্জের বিপক্ষে।
এ জয়ের ফলে ১৯ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডান উঠে এলো তালিকার পঞ্চম স্থানে। সমান খেলায় ১৪ পয়েন্ট নিয়ে সকার ক্লাব থেকে গেল দশম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১১ ঘ.
bdnews24