২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা মেয়ের ফ্রেঞ্চ ওপেন জয়

প্যারিসে চীনের পতাকা উড়ালেন চীনের না লি। শুধু চীন নয়, এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে জয় করলেন তিনি ফ্রেঞ্চ ওপেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 03:54 PM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যারিসে চীনের পতাকা উড়ালেন চীনের না লি। শুধু চীন নয়, এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে জয় করলেন তিনি ফ্রেঞ্চ ওপেন। শনিবার মেয়েদের এককের চূড়ান্ত খেলায় ইতালির ফ্রান্সেসকা শিয়াভোনেকে ৬-৪ ও ৭-৬ গেমে হারান তিনি। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনেরও ফাইনালে ওঠেন না লি। সেখানে কিম কাইস্টার্সের কাছে হারলেও প্যারিসে আর হার মানতে হয়নি। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতে তুলে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ নেন তিনি। তার অসাধারণ 'পাওয়ার' টেনিসের সামনে শিয়োভোনেকে বড় অসহায় লেগেছে। যদিও দ্বিতীয় সেটে কিছুটা হলেও ঘুরে দাঁড়ান গতবারের চ্যাম্পিয়ন শিয়াভোনে। কিন্তু উদ্দীপ্ত না লির সঙ্গে শেষ অবধি পেরে ওঠেননি। ৬-৬ হওয়ার ফলে টাইব্রেকারে গড়ায় দ্বিতীয় সেট। একটি পয়েন্টও না হারিয়ে খেলায় জেতেন না লি। অবলীলায় শিয়োভোনের 'স্লাইসড ব্যাকহ্যান্ড' ফেরান না লি। আর দুর্দান্ত 'ব্যাকহ্যান্ড'র মাধ্যমে বার বার পরাস্ত করেন প্রতিপক্ষকে। দু'জনের মুখেই ফাইনালের চাপ ছিলো স্পষ্ট। না লি'র উপর ছিল রেকর্ড গড়ার চাপ। আর শিয়াভোনের উপর চাপ ছিল শিরোপা ধরে রাখার। খেলা শেষে উচ্ছ্বসিত না লি বলেন, "চীনকে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম এনে দিতে পেরে আমি খুশি। " অন্য দিকে হেরেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি শিয়াভোনে। তিনি বলেন, "প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় জয় তারই (না লি) প্রাপ্য।" ২০১০ সালে শিয়াভোনের কাছে হেরেই ফ্রেন্স ওপেন থেকে বিদায় নিয়েছিলেন না লি। ছেলেদের এককের ফাইনালে রোববার মুখোমুখি হবেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২১৩৮ ঘ.