২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব অ্যাসোসিয়েশনের ভোটে বিশ্বকাপের স্বাগতিক নির্বাচন

বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ নির্বাচনে প্রচলিত পদ্ধতির বদলে এখন থেকে সব অ্যাসোসিয়েশনের ভোট নেয়ার ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 04:14 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ নির্বাচনে প্রচলিত পদ্ধতির বদলে এখন থেকে সব অ্যাসোসিয়েশনের ভোট নেয়ার ঘোষণা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। বর্তমানে ফিফার ২৪ সদস্যের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে স্বাগতিক দেশ নির্বাচন করা হয়ে থাকে। ২০১৮ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে রাশিয়া ও ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে কাতারকে নির্বাচিত করার পর নানা বিতর্ক দেখা দেয়। তাই স্বাগতিক দেশ নির্বাচনে পরিবর্তন এনেছে ফিফা। নির্বাচনের আগে বুধবার ব্লাটার জুরিখে সংস্থার কংগ্রেসে বলেন, "আমি অ্যাসোসিয়েশনগুলোকে আরো ক্ষমতা দিতে চাই।" "নির্বাহী কমিটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে দিলেও ভবিষ্যতে কংগ্রেসই ঠিক করবে বিশ্বকাপের স্বাগতিক দেশ," বলেন তিনি। সংক্ষিপ্ত তালিকা তৈরির দায়িত্ব নির্বাহী কমিটির হাতে থাকলেও কমিটি কোনো সুপারিশ করবে না বলে তিনি জানান। অভিযোগ-পাল্টা অভিযোগের ফলে এ সপ্তাহে ফিফার ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্লাটার মনে করেন, আলোচনা ও দোষীদের শাস্তি দেয়ার মধ্য দিয়ে হারানো ভাবমূর্তি ফিরে পাওয়া সম্ভব হবে। ব্লাটার বলেন, "ফিফা এখন বিক্ষুব্ধ সাগরে পথ হারা, একে অবশ্যই সঠিক পথে ফিরিয়ে আনবো। এটা আমার দায়িত্ব।" "আমরা ভুল করেছি এবং তা থেকে শিক্ষা নিয়েছি। অবশ্যই আমরা সংস্কার কর্মসূচি হাতে নেব," বলেন তিনি। ব্লাটার ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ১৯৯৮ সাল থেকে ফিফা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ব্লাটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০১৯ ঘ.