২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে স্কোলস

ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের খেলোয়াড় পল স্কোলস অবসর নিলেন। তবে ফুটবল নিয়ে কাজ করার অদম্য স্পৃহার কারণে ম্যান ইউ'র প্রশিক্ষক দলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠের খেলোয়াড় পল স্কোলস অবসর নিলেন। তবে ফুটবল নিয়ে কাজ করার অদম্য স্পৃহার কারণে ম্যান ইউ'র প্রশিক্ষক দলের সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ম্যান ইউয়ের নিজস্ব ওয়েবসাইটে দেয়া স্কোলসের বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে। স্কোলসের অবসরে যাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত ছিল। মাত্র শেষ হওয়া মৌসুমে ম্যান ইউ'র মূল একাদশে তিনি খেলার সুযোগ পাননি বললেই চলে। 'ফর্ম'ও খুব একটা ভালো যাচ্ছিল না। লাল জার্সিতে ৩২ ম্যাচে গোল পান মাত্র ১টি। কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেই দিয়েছিলেন, স্কোলসের যোগ্য উত্তরসূরী খুঁজছেন তিনি। ২৮ মে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ'র হার যখন সময়ের ব্যাপার মাত্র, তখন স্কোলসকে নামিয়ে কোচ তাকে শেষ সম্মান জানান। লন্ডনের দলটিতেই পুরো ফুটবল জীবন কেটেছে ফুটবলের সেরা কারিগরদের একজন- স্কোলসের। ৩৬ বছরের স্কোলস ১৯৯১ সালে ম্যান ইউ'র যুব দলে যোগ দেন। ৩ বছর পর মূল দলে খেলার সুযোগ মেলে। সেই থেকে ম্যান ইউর সঙ্গেই আছেন তিনি। দলের হয়ে ১৭ বছরে ৬৭৫টি খেলায় ১৫০টি গোল করেন স্কোলস। গলায় ঝুঁলিয়েছেন ২৪টি শিরোপার মালা। যার মধ্যে ১০টি ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ও ২টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আছে। বিদায়ী বিবৃতিতে আবেগ আপ্লুত ছিলেন স্কোলস। ফুটবলই তার জীবন এই কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ম্যান ইউয়ের হয়ে এত দিন খেলা অনেক সম্মানের বিষয়। অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তার জন্য। এবার রেকর্ড ১৯তম ইপিএল শিরোপা জিতেছে ফার্গুসনের দল। সেই দলের সদস্য হওয়া অনেক বড় অর্জন বলে মনে করেন স্কোলস। তিনি বলেন, "এটা অনেক কঠিন একটা সিদ্ধান্ত। কিন্তু, মনে হচ্ছে ফুটবল ছাড়ার জন্য এটাই উপযুক্ত সময়। ১৯তম শিরোপা পেল দল, আর সেই দলের সদস্য হতে পারা অনেক বড় সম্মানের।" সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সকল কোচ ও খেলোয়াড়দের যাদের সঙ্গে তিনি কাজ করেছেন। তবে মূল্যায়নের মাপকাঠিতে কোচ ফার্গুসনের কাছাকাছি কাউকে ঘেঁষতে দেননি স্কোলস। গুরুকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়ে বলেন, "স্যার অ্যালেক্স ফার্গুসনকে ধন্যবাদ দিতে চাই সবচেয়ে বেশি। এর অনেকগুলো কারণ আছে। অসাধারণ কোচ তিনি। দলে যোগ দেওয়ার পর থেকেই দেখেছি, আমার জন্য তার দরজা সবসময় খোলা ছিল। আমি জানতাম তার অধীনে ম্যান ইউ অনেকগুলো শিরোপা জিতবে।" বিদায় বেলায় কোচ ফার্গুসন স্কোলস নিয়ে বলার মতো কিছু খুঁজে পাননি। ফার্গুসনের মুখেই শুনুন, "স্কোলসকে নিয়ে এমন কি বলবো যা আগে কখনো বলিনি? এমন অবিশ্বাস্য এক খেলোয়াড়কে 'মিস' করবো আমরা। দলের প্রতি সে দায়বদ্ধ ছিল এবং আমি খুশি পরবর্তী মৌসুম থেকে প্রশিক্ষক দলের সদস্য হিসেবে তাকে আমরা পাচ্ছি।" পল স্কোলস ২০০৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ইংল্যান্ডের হয়ে ৮ বছরে ৬৬ ম্যাচ খেলে গোল করেন ১৪টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/এএনএম/১৭১৯ ঘ.