২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ ফার্গুসন

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেন তার দল ইউরোপের সবচেয়ে সেরা দলের বিপক্ষেই হেরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেন তার দল ইউরোপের সবচেয়ে সেরা দলের বিপক্ষেই হেরেছে। একই সঙ্গে ফার্গুসন নিজের দলকে প্রতিযোগিতার দ্বিতীয় সেরা দল হিসেবে উল্লেখ করে বলেন, "ভালো পরাজয়। একবাক্যে পরিস্থিতি বোঝানোর জন্য এটাই বলা যায়।" ম্যান ইউকে হারিয়ে শনিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা। খেলা শেষে নিজের দলের খেলোয়াড়দের কোনো সমালোচনা করেননি এই স্কটিশ। বরং প্রশংসায় ভাসিয়েছেন প্রতিপক্ষ দলকে। তিনি বলেন, "নিঁখুত পাসের খেলা দিয়ে তারা সবাইকে সম্মোহিত করে রেখেছিলো। এছাড়া আমরা কখনোই মেসিকে আটকে রাখতে পারিনি। যেটা আগেই সকলে বলেছিলো। আমার মনে হয় এখন পর্যন্ত আমরা যেকয়টি দলের বিপক্ষে খেলেছি তার মধ্যে বার্সেলোনাই সেরা।" "এটা ঠিক যে সেরা দলের বিপক্ষেই হেরেছি আমরা। তবে এর থেকে ভালো কিছু আমি আশা করেছিলাম। এখন আমাদের সান্ত্বনা একটাই যে, আমরা ভালো দলের বিপক্ষে হেরেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম" পরাজয়ের সান্ত্বনা খুঁজতে গিয়ে বলেন ফার্গুসন। একই সঙ্গে তিনি বলেন, "রুনি যখন আমাদের সমতায় ফেরালো তখন ভেবেছিলাম দ্বিতীয়ার্ধে আমরা আরেকটু ভালো খেলবো। কিন্তু সেটা হয়নি।" 'জাভি, আন্দ্রেস ইনিয়েস্তা ও মেসি' সামনের দিকের এই তিন খেলোয়াড়ই বার্সেলোনার মূল অস্ত্র বলে মনে করেন ফার্গুসন। এর মধ্যে একমাত্র জাভির বয়সই ৩০ ছাড়িয়েছে। তাই আগামী কয়েক বছর যে পেপ গর্দিওলার দলই ইউরোপ শাসন করবে তা মোটামুটি নিশ্চিত বলে মনে করেন ম্যান ইউ বস। ইউরোপ সেরা হতে না পারলেও এই মৌসুমটা ম্যান ইউর ভালো কেটেছে বলেই মনে করেন ফার্গুসন। বলেন, "যদিও মৌসুমের শেষ দিকে এসে আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ও এফএ কাপ সেমিফাইনালে হেরেছি। তারপরও আমার মনে হয় আমরা প্রমাণ করতে পেরেছি আমরা ধারাবাহিকভাবে ভালো খেলা একটি দল। " বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬০৪ ঘ.