ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেনমার্কে জন্মগ্রহণকারী বাংলাদেশি বংশোদ্ভূত মাঝ-মাঠের খেলোয়াড় জামাল ভুঁইয়াকে এশিয়া অঞ্চলের প্রাক-বাছাই পর্বে খেলার জন্য বাংলাদেশের প্রাথমিক দলে রাখা হয়েছে।
এই প্রথমবারের মতো ইউরোপের কোনো ফুটবল খেলোয়াড়কে বাংলাদেশ দলে নেয়া হলো।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইপর্বে ২৯ জুন বাংলাদেশ ঢাকায় পাকিস্তানের মুখোমুখি হবে। পরে ৩ জুলাই পাকিস্তানের ইসলামাবাদে আবার লড়াইয়ে নামবে দল দুটি।
এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল দল ব্যবস্থাপনা কমিটির প্রধান বাদল রায় বলেন, "বিদেশে বসবাসকারী বাংলাদেশের প্রতিভাবান ফুটবলারদের আমরা অনেকদিন ধরে খুঁজছি। এবার আমরা জামালকে পেয়েছি।
এরই মধ্যে বাদল রায় টেলিফোনে তার সঙ্গে কথাও বলেছেন।
তিনি বলেন, "ইন্টারনেটের মাধ্যমে জামালের খেলা আমি দেখেছে এবং টেলিফোনে তার সঙ্গে কথাও বলেছি। বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে তার আগ্রহও আছে।"
জামাল ডেনমার্কের জনপ্রিয় দল এফসি কোপেনহেগেনের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।
বাংলাদেশের ১৮ সদস্যের দলে জায়গা পাওয়ার আগে জামালকে অবশ্যই বাংলাদেশের ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচের মুখোমুখি হতে হবে। সবকিছু খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
ফিফার র্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ আছে ১৬৩ নম্বরে।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে জয়ী দল দ্বিতীয় পর্বে লেবাননের সঙ্গে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭৪১ ঘ.
bdnews24