২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধাকে রুখে দিল মোহামেডান

পয়েন্ট তালিকার শীর্ষ দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে ঢাকা মোহামেডান। বাংলাদেশ লিগে মঙ্গলবার ২-২ গোলে ড্র হয়েছে খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পয়েন্ট তালিকার শীর্ষ দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে রুখে দিয়েছে ঢাকা মোহামেডান। বাংলাদেশ লিগে মঙ্গলবার ২-২ গোলে ড্র হয়েছে খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল মোহামেডান। কিন্তু অতিরিক্ত সময়ে (৯০ ) খেলায় সমতা ফেরান মুক্তিযোদ্ধার আক্রমণভাগের তরুণ খেলোয়াড় আলমগীর কবির রানা। পয়েন্ট হারানোয় মুক্তিযোদ্ধার শীর্ষ স্থান নড়বড়ে হয়ে গেছে। ১৭ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে সব দলের ওপড়ে থাকলেও শেখ জামাল ধানমন্ডি ক্লাব পরের খেলায় ফেনী সকার ক্লাবের বিপক্ষে জিতলেই মুক্তিযোদ্ধাকে টপকে যাবে। শেখ জামাল ১৬ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ঢাকা আবাহনী ১৬ খেলায় ৩৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। খেলার ২৫ মিনিটে দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডের গোলে এগিয়ে যায় মোহামেডান। রক্ষণভাগের খেলোয়াড় সৈকতের বাড়ানো বল পেয়ে সানডে আড়াআড়ি শটে গোল করেন। ৬ মিনিট পর দলের আক্রমণভাগের সুদানের খেলোয়াড় জেমস মগা সমতায় ফেরান মুক্তিযোদ্ধাকে। রক্ষণভাগের আর্জেন্টিনার খেলোয়াড় লুসিয়ানো থ্রিলারের হাওয়ায় ভাসানো বল মগা মাথা দিয়ে মোহামেডান জালে বল জড়িয়ে দেন। এই গোলের ফলে লিগে তার গোল সংখ্যা দাঁড়ায় ১৫-তে। ফলে গোলদাতার শীর্ষ স্থান ধরে রাখলেন তিনি। সতীর্থ মিথুন চৌধুরী ও ঢাকা আবাহনীর থুয়াম ফ্রাঙ্ক ১৩টি করে গোল দিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন। প্রথমার্ধের ৬ মিনিট বাকি থাকতে সানডের গোলে আবারও এগিয়ে যায় মোহামেডান। মুক্তিযোদ্ধার অধিনায়ক ও রক্ষণভাগের খেলোয়াড় রজনীকান্ত বর্মণ ও গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে কাটিয়ে একাই গোল করেন সানডে। মোহামেডান শেষ মুহূর্ত পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল। অতিরিক্ত সময়ে (৯০ ) মাঝমাঠের খেলোয়াড় জাহেদ পারভেজের বাড়ানো বল মোহামেডানের জালে জড়িয়ে খেলায় সমতা ফেরান রানা। এ ড্রয়ের ফলে ১৭ খেলায় ২২ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে থেকে গেল মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৫৩ ঘ.