ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিজের শেষ ম্যাচ মনে করে খেলতে নামবেন লিওনেল মেসি। তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চূড়ান্ত খেলায় খেলতে যাচ্ছে মেসির বার্সেলোনা।
ওয়েম্বলিতে ২৮ মে হবে এই খেলা।
পেপ গার্দিওলার বার্সেলোনা শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে ২০০৯ সালে। রোমে অনুষ্ঠিত ফাইনালে ম্যান ইউকে দুই গোলে হারায় বার্সা। খেলায় দ্বিতীয় গোলটি দেন মেসি।
দুই বছর আগের ওই ফাইনালের পুনরাবৃত্তি দেখতে চান মেসি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এবারের ফাইনাল খেলতে নামব আমি শেষ ম্যাচ মনে করে। দুই বছর আগের রোম-ফাইনালের সুখস্মৃতি এখনো আমার মনে আছে। খেলাটি ছিল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।"
ম্যান ইউ'র প্রশংসা করতে গিয়ে মেসি বলেন, "আমরা শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলবো। ওয়েন রুনির মতো খেলোয়াড় আছে দলটিতে।"
"আমার মনে হয় দুই দলেরই শক্তি সমান। তাই যে কোনো দল শিরোপা জিততে পারে," বলেন তিনি।
চূড়ান্ত খেলায় গোল করতে পারবেন কি না, তা নিয়ে মোটেও ভাবছেন না মেসি। বরং বলেন, "শিরোপা জিততে চাই। তাই কে গোল করলো তা নিয়ে মাথা ঘামাতে চাই না।"
লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (৪০ গোল) রেকর্ড করেছেন রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ব্যাপারে মেসিকে জিজ্ঞাসা করা হলে তিনি রোনালদোকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "আমি নিজেই সর্বোচ্চ গোলদাতা হতে চেয়েছিলাম। কিন্তু শেষ কয়েকটি খেলায় রোনালদো অনেক গোল করেন।"
এরপর তিনি প্রশ্ন রাখেন, "এর চেয়ে ফাইনালে জয় পাওয়া কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আমি ব্যক্তিগতর চেয়ে দলের অর্জনের ওপর বেশি গুরুত্ব দিয়ে থাকি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১০ ঘ.
bdnews24