ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) প্রেসিডেন্ট কাপে নিজেদের দ্বিতীয় খেলাতেও হেরে গেছে ঢাকা আবাহনী। কম্বোডিয়ার পেনেহ ক্রাউন এফসির কাছে ১-০ গোলে হার মানে দলটি।
কম্বোডিয়ার রাজধানী নম পেনের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে খেলায় হারলেও লড়াই করেছে আবাহনী। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে গোল খায় দলটি। পেনেহ'র পক্ষে জয়সূচক গোলটি করেন চান চয়া।
খেলায় হেরে যাওয়ায় আবাহনীর পরের পর্বে ওঠার সম্ভাবনা অনেকাংশে কমে গেল।
প্রতিযোগিতায় আবাহনীর এটি টানা দ্বিতীয় হার। এর আগে নিজেদের প্রথম খেলায় কিরগিজস্তানের নেফচিক ক্লাবের কাছে ০-২ গোলে হারে তারা।
অন্তত দুই খেলায় জয়ের লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন আবাহনী।
২৫ মে নিজেদের তৃতীয় ও শেষ খেলায় শ্রীলঙ্কার বসকো স্পোর্টস ক্লাবের সঙ্গে লড়বে আবাহনী।
দু'টি করে খেলায় জেতায় নেফচিক ও পেনেহ'র পয়েন্ট ৬। ঢাকা আবাহনী এখনো জয়ের মুখ দেখেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৮ ঘ.
bdnews24