ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগার ইতিহাসে এক মৌসুমে ৪০টি গোল করা প্রথম খেলোয়াড় রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে লিগের শেষ চার ম্যাচে তিনি ১১টি গোল করেন।
এর আগে এক মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলের মালিক ছিলেন টেলমো জারা ও হুগো সানচেজ। দুজনই ৩৮টি করে গোল করেন।
১৯৫০-৫১ মৌসুমে অ্যাথলেটিক বিলবাওয়ের জারা ও ১৯৮৯-৯০ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সানচেজ ৩৮টি গোল করে রেকর্ড গড়েছিলেন।
গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে দুই গোল করে জারা ও সানচেজের সমতায় নিজেকে দাঁড় করিয়েছিলেন রোনালদো।
লিগে এবার রিয়ালের হয়ে ৩৪টি ম্যাচ খেলেছেন রোনালদো। আলমিরার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলার চতুর্থ মিনিটেই গোল করে নতুন রেকর্ড গড়েন পর্তুগালের এই তারকা। ৭৭ মিনিটে দ্বিতীয় গোল করে তার গোল সংখ্যা ৪০ এ উন্নিত করেন। ম্যাচে ৮-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ।
রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার তারকা খেলোয়াড় লিওনেল মেসির গোল সংখ্যা ৩১।
এই মৌসুমে সব মিলিয়ে মোট গোলেও এগিয়ে আছেন রোনালদো। তার মোট গোল সংখ্যা ৫৩টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসির গোল সংখ্যা ৫২।
রোনালদো আলমিরার বিপক্ষে ম্যাচ দিয়েই তার এবারের মৌসুম শেষ করেছেন। তবে মেসির সামনে এখনো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২৮ মে ওয়েম্বলিতে ওই ম্যাচ খেলবে বার্সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪০০ ঘ.
bdnews24