ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ৮০'র দশকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের (এখন মোহামেডান লিমিটেড) হয়ে ঢাকার মাঠ কাঁপিয়েছিলেন নাইজেরিয়ার খেলোয়াড় এমেকা হিউজিগো। তার ওপর ভর করে মোহামেডান উঠেছিল অন্য রকম এক উচ্চতায়। সেই মোহামেডানের আমন্ত্রণে এখন তিনি ঢাকায়। দেখেছেন মোহামেডানের খেলাও। এ ব্যাপারে কথা বলেছেন তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।
প্রশ্ন: কেমন আছেন ?
উত্তর: ভালো। আবার যেন এলাম নিজের প্রিয় একটি জায়গায়।
প্রশ্ন: ঢাকায় কেন এলেন। নতুন কোন কারণ কি আছে ?
উত্তর: না, কোন উদ্দেশ্য নেই। মোহামেডানের সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ পেয়ে এলাম। আসলে মোহামেডানের ডাকে সাড়া না দিয়ে পারিনি। তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে এলাম।
প্রশ্ন: কত বছর পর এলেন বাংলাদেশে ?
উত্তর: ছয় বছর পর। ২০০৫ সালে একবার মোহামেডানের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে ঢাকায় এসেছিলাম। যদিও কোচের দায়িত্ব নেয়া আর হয়নি। বলতে পারেন, মোহামেডানই আমাকে রাখতে চয়নি। এ ব্যাপারে কথা বলে কোনো বিতর্ক ছড়াতে চাই না।
প্রশ্ন: এক সময় যে মোহামেডানে খেলেছেন, তার সঙ্গে এখনকার মোহামেডানের পার্থক্য কি চোখে পড়ে?
উত্তর: আবশ্যই পড়ে। ৮০'র দশকের মোহামেডানের সঙ্গে বর্তমান দলটির পার্থক্য বিস্তর। বলতে পারেন, আগের সেই মোহামেডান এখন আর নেই। খারাপ লাগছে, মোহামেডানের দুর্দশা দেখে। এতোটা দুর্দশা দেখতে হবে ভাবিনি।
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান ফুটবল সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
উত্তর: বাংলাদেশের বর্তমান ফুটবল নিয়ে আমার বিস্তারিত ধরাণা নেই। গত কয়েকদিনে দু'একটি খেলা দেখে আমার মনে হয়েছে, বাংলাদেশের ফুটবল অনেক পিছিয়েছে। আমরা যে সময় খেলেছি, তখন এখানে ফুটবল নিয়ে উত্তেজনা ছিল, এখন তার ছিটেফোঁটাও দেখছি না।
প্রশ্ন: আগে পুরো গ্যালারি দর্শকে ভরা থাকতো। এখন তা খালি দেখলেন। এ ব্যাপারে কিছু বলবেন কি?
উত্তর: আসলেও তাই। দেখলে সত্যিই খারাপ লাগে। তবে দর্শকরা কেন মুখ ফিরিয়ে নিয়েছেন, তাও ভেবে দেখতে হবে।
প্রশ্ন: মোহামেডানের বর্তমান দুর্দশা কাটানোর ব্যাপারে আপনার পরামর্শ কি?
উত্তর: একদিনে দুর্দশা কাটানো সম্ভব নয়। এজন্য দীর্ঘ পরিকল্পনা দরকার। আর তা বাস্তবায়নে ক্লাব ও ফেডারেশনে শতভাগ পেশাদারিত্ব আনা দরকার। তাহলেই ধীরে ধীরে উন্নতি হবে।
প্রশ্ন: মোহমেডান তো লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়েছে। এ প্রসঙ্গে কিছু বলবেন কি?
উত্তর: হ্যাঁ, এতে মোহামেডান আরো এগিয়ে যাবে বলে আশা করছি।
প্রশ্ন: বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতার প্রস্তাব দিলে সাড়া দেবেন কি?
উত্তর: অবশ্যই। বাংলাদেশের ফুটবলে যদি কোন সহযোগিতা করতে পারি তাহলে আমি খুশি হবো। কারণ এ দেশের ফুটবল ঘিরে রয়েছে আমার অনেক স্মৃতি। খেলোয়াড়ী জীবনের দীর্ঘ একটা সময় আমি এখানে কাটিয়েছি। তাই বাংলাদেশকে আমার দেবার অনেক কিছুই আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/০০০১ ঘ.
bdnews24