ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগে বৃহষ্পতিবার আরামবাগ ক্রীড়া সংঘ ও ফেনী সকার ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়েছিল। ফেনী সকার অতিরিক্ত সময়ে (৯০ ) গোল শোধ করে।
খেলার ২২ মিনিটে আরামবাগের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সুবেইর মোহাম্মদের গোলে এগিয়ে যায় দলটি। মাঝমাঠের খেলোয়াড় খালেদ সাইফুল্লাহর বাড়ানো বল পেয়ে দলের বিদেশি খেলোয়াড় বানগুরা ইসমাইল তা ঠেলে দেন সুবেইরের কাছে। গোলপোস্টের পাঁচ/ছয় গজ দূর থেকে তার মাটি কামড়ানো শট আশ্রয় নেয় ফেনী সকারের জালে।
খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) ফেনী সকারের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় রোল্যান্ড গোল করে খেলায় সমতা ফেরান। দলের বিদেশি খেলোয়াড় ডোমেনিখের কাছ বল পেয়ে প্রচণ্ড শট নেন তিনি। হাওয়ায় কিছুটা বাঁক নিয়ে বল জড়িয়ে যায় আরামবাগের জালে।
এ ড্রয়ের ফলে আরামবাগ ১৬ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার অষ্টম স্থানে। ১৬ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ফেনী সকার ক্লাব।
চট্টগ্রাম মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী
কক্সবাজার স্টেডিয়ামে দিনের অন্য খেলায় চট্টগ্রাম মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর খেলাও ড্র হয়েছে। খেলায় কোনো দল গোল করতে পারেনি।
এ ড্রয়ের ফলে কোনো দলেরই অবস্থানের উন্নতি হয়নি। ১৬ খেলায় চট্টগ্রাম মোহামেডান ১২ পয়েন্ট নিয়ে রয়ে গেলো তালিকার ১১তম স্থানে। সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী আছে সব দলের নিচে।
এই দুই দলই আছে রেলিগেশেনের শঙ্কায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৫২ ঘ.
bdnews24