ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্বিয়ার নোভাক জকোভিচের প্রশংসা করতে গিয়ে জন ম্যাকেনরো বলেছেন, তার ৪২ খেলায় অপরাজিত থাকার রেকর্ড ছাপিয়ে গেছে জকোভিচের টানা ৩৭ জয়।
এক সময়ের সাড়া জাগানো খেলোয়াড় ম্যাকেনরো ১৯৮৪ সালে টানা ৪২ খেলায় অপরাজিত ছিলেন।
এটিপি চ্যাম্পিয়ন্স ট্যুরের আগে ৫২ বছর বয়সী আমেরিকার এই খেলোয়াড় লন্ডনে বলেন, "গত কয়েক মাস ধরে বিশ্ব র্যাঙ্কিংয়ের দ্বিতীয় শীর্ষ খেলোয়াড় জকোভিচ যেভাবে খেলছেন তা এক কথায় অবিশ্বাস্য। এখন খেলা অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ। তাই আমার রেকর্ডের চেয়ে তার টানা ৩৭ জয় আসলেই অসাধারণ।"
ম্যাকোনরো চান, জকোভিচই তার রেকর্ড ভাঙুক। এ প্রসঙ্গে তিনি বলেন, "হয়তো ফ্রেন্স ওপেনেই তিনি রেকর্ড ভেঙে ফেলতে পারবেন।"
"রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। আমার রেকর্ডই এক সময় আমার হাত ছাড়া হয়ে যাবে। এটাই খেলার অংশ," বলেন তিনি।
জকোভিচের সামর্থ্য সম্পর্কে ম্যাকেনরো বলেন, "সবাই জানে রেকর্ড ভাঙার সামর্থ্য তার আছে। কেননা এই অপরাজিত থাকার ধারার মধ্যেই তিনি একটি গ্র্যান্ড স্লাম (২০১০ সালের ইউএস ওপেন) জেতেন।"
আর তিনি যেভাবে জিতেছেন তা মনে রাখার মতো বলে উল্লেখ করে ম্যাকেনরো বলেন, "(সেমিফাইনালে রজার ফেদেরারের বিপক্ষে) এক সময় পিছিয়ে পড়েছিলেন তিনি। তারপরও জেতেন। এর পরের কথা তো সবার জানা। আমি বলবো, তিনি আসলেই বিস্ময়কর প্রতিভা।"
ম্যাকেনরোর রেকর্ড ভাঙতে হলে ফ্রেন্স ওপেনের ফাইনালে পৌঁছতে হবে জকোভিচকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২১ ঘ.
bdnews24