২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না কাকা

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আক্রমণভাগের খেলোয়াড় রিকার্ডো কাকা, এমন একটা কথা ছড়িয়ে পড়েছিল বাতাসে। কিন্তু সব গুজবের অবসান ঘটিয়ে খোদ কাকা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপাতত রিয়াল ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আক্রমণভাগের খেলোয়াড় রিকার্ডো কাকা, এমন একটা কথা ছড়িয়ে পড়েছিল বাতাসে। কিন্তু সব গুজবের অবসান ঘটিয়ে খোদ কাকা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আপাতত রিয়াল ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই। ২০০৯ সালে রেকর্ড ৫৯.৮ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ যোগ দেন তিনি। স্পেনের বড় এই দলটির আক্রমণভাগের প্রাণ ভোমরা হয়ে থাকার কথা ছিল তার। অথচ ২০০৯-১০ মৌসুমে ৩৩ ম্যাচ খেলে মাত্র ৯টি গোল করেছিলেন তিনি। চলতি মৌসুমেও নামের প্রতি সুবিচার করতে পরতে পারছেন না কাকা। যদিও দলে তারকা খেলোয়াড়দের আধিক্য থাকায় কোচ হোসে মরিনহো বেশিরভাগ ম্যাচেই 'রিজার্ভ' বেঞ্চে বসিয়ে রেখেছেন কাকাকে। মাঠে নামার সুযোগ পেয়েছেন মাত্র ১৯টি ম্যাচে। গোল করেছেন ৭টি। আসল কাজ, গোল বানানোর ক্ষেত্রেও সফলতার মুখ দেখেছেন মাত্র পাঁচ বার। মেসুত ওজিল, বেনজেমা, অ্যাঞ্জেল-ডি মারিয়ারা প্রথম একাদশ জায়গা পেলেই যেখানে প্রতিভার দ্যূতি ছড়িয়েছেন, সেখানেই বারবার ব্যর্থতার সাক্ষর রেখেছেন কাকা। কাকা সমর্থকরা অবশ্য দাবী করেন , বেশি ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় নিজেকে মেলে ধরতে পারেননি কাকা। কিন্তু, তার সমালোচকরা এর ভিতর অন্য কিছুর আভাস খুঁজছেন। তাদের সন্দেহ 'ডাগ-আউট'-এ বসে থাকতে থাকতে বিরক্ত কাকা নাকি ইংল্যান্ড অথবা ইতালিতে পাড়ি জমানোর কথা ভাবছেন। তবে এটা যে শুধুই একটা গুজব ছাড়া আর কিছু না তা জানিয়েছেন কাকা নিজেই। কাকা বলেন, "আমি রিয়াল মাদ্রিদের হয়েই খেলতে চাই।" কাকার সাবেক কোচ কার্লো আনচেলত্তি এখন চেলসির দায়িত্বে। তাই কাকা চেলসিতে চলে যেতে পারেন এমনটাও শোনা যাচ্ছিল। কাকার মা সামনের বছর লন্ডন যাচ্ছেন, এই বিষয়টাও কাকার চেলসিতে যোগদানের বিষয়টিকে উস্কে দিয়েছিল। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন কাকা। তিনি বলেন, "আমার মা সামনের বছর লন্ডনে স্থায়ী হবেন। তিনি একজন ধর্মপ্রচারক। ধর্মের দীক্ষা দিতেই তার এমন সিদ্ধান্ত।" আনচেলত্তির সঙ্গে ভালো সম্পর্কের সূত্র টেনে কাকা বলেন, "তার সঙ্গে নিঃসন্দেহে আমার ভালো সম্পর্ক আছে। কিন্তু সত্যিটা হচ্ছে, আমি মাদ্রিদেই থাকতে চাই, খেলতে চাই ও মাদ্রিদেই বসবাস করতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৪৩৭ ঘ.