ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান ওপেনের চূড়ান্ত খেলায় মুখোমুখি হচ্ছেন স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জকোভিচ।
খেলা হবে রোববার রাতে।
এক সপ্তাহের ব্যবধানে তারা দ্বিতীয়বারের মতো কোনো প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় মুখোমুখি হতে যাচ্ছেন।
মাদ্রিদ ওপেনের ফাইনালে গত রোববার নাদালকে হারিয়ে শিরোপা জেতেন জকোভিচ।
এবারো নাদালকে হারাতে পারলে মে মাসে টানা তিনটি শিরোপা হাতে উঠবে জকোভিচের।
শনিবার সেমিফাইনালে জকোভিচ ৬-১, ৩-৬ ও ৭-৬(২) গেমে হারান অ্যান্ডি রডিককে। এটি এই মৌসুমে জকোভিচের টানা ৩৮তম জয়।
ম্যাচ শেষে জকোভিচ বলেন, "যারা ম্যাচ দেখেছেন তারা জানেন যে, খেলায় জমজমাট লড়াই হয়েছে। এটা আমার জীবনের সেরা খেলাগুলোর একটি।"
অন্য সেমিফাইনালে নাদাল ৭-৫ ও ৬-১ গেমে হারান রিচার্ড গ্যাসকুয়েটকে। গত ছয় মৌসুমে পাঁচবারই ইতালিয়ান ওপেন জেতেন নাদাল।
এদিকে মহিলা এককের চূড়ান্ত খেলায় মুখোমুখি হবেন মারিয়া শারাপোভা ও সামান্তা স্টোসুর।
সেমিফাইনালে শারাপোভা ৭-৫ ও ৬-৩ গেমে হারান ক্যারোলিন ওজনিয়াকিকে। আর স্টোসুর ৭-৬(৬) ও ৬-০ গেমে জেতেন চীনের লি নার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৫৩০ ঘ.
bdnews24