ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ ওপেনে ছেলেদের এককে ফাইনালে মুখোমুখি হচ্ছেন স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জকোভিচ।
বর্তমান চ্যাম্পিয়ন নাদাল এই নিয়ে টানা তিনবার প্রতিযোগিতার ফাইনাল খেলছেন।
চূড়ান্ত খেলা হবে রোববার রাতে।
বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নাদাল শনিবারের প্রথম সেমিফাইনালে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে ৫-৭, ৬-১ ও ৬-৩ গেমে হারান।
দ্বিতীয় সেমিফাইনালে জকোভিচ ৪-৬, ৬-৪ ও ৬-১ গেমে জেতেন অবাছাই টমাস বেলুচ্চির বিপক্ষে।
স্পেনের বিখ্যাত গলফ খেলোয়াড় সেভ ব্যালেস্টেরস শনিবার মারা যান। তার মৃত্যুর কথা শুনে কোর্টেই কাঁদতে দেখা যায় নাদালকে।
মনমরা নাদালের খেলাতেও এর প্রভাব পড়ে। ফেদেরারের কাছে প্রথম সেটে হেরে যান তিনি। তবে ঘুরে দাঁড়ান দ্বিতীয় সেটেই। ফেদেরারকে রীতিমতো উড়িয়ে দেন। তৃতীয় সেটেও জেতেন নাদাল।
'ক্লে' কোর্টে এটি নাদালের টানা ৩৭তম জয়। আর ফেদেরারের বিপক্ষে ১৩ ম্যাচের ১১টিতেই জিতলেন নাদাল।
নাদালের মতো জকোভিচও প্রথম সেট হেরে গিয়েছিলেন। তবে পরের দুই সেট জিতে তিনিও ফাইনালের টিকেট নিশ্চিত করেন।
২০১১ সালে এটি জকোভিচের টানা ৩১তম জয়। এই জয়ের ফলে তিনি ছুঁয়ে ফেললেন টেনিসের বিখ্যাত খেলোয়াড় বিয়ন বোর্গের রেকর্ড। ১৯৮০ সালে বোর্গ টানা ৩১ খেলায় জিতেছিলেন। তাদের সামনে এখন আছেন শুধু জন ম্যাকেনরো। ১৯৮৪ সালে তিনি টানা ৪২ খেলায় জিতেছিলেন।
এদিকে মেয়েদের এককের ফাইনালে পৌঁছেছেন ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা ও পেট্রা কভিতোভা।
প্রথম সেমিফাইনালে অ্যাজারেঙ্কা ৬-৪ ও ৬-২ গেমে হারান জুলিয়া জর্জেসকে। দ্বিতীয় সেমিফাইনালে কভিতোভা ৬-৩ ও ৬-১ গেমে জেতেন চীনের লি নার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১২৫০ ঘ.
bdnews24