ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে ভিলারিয়াল, বেনফিকা, এসসি ব্রাগা ও এফসি পোর্তো।
২৮ এপ্রিল সেমি-ফাইনালে বেনফিকা খেলবে ব্রাগার বিপক্ষে। আর পোর্তো লড়বে ভিলারিয়ালের সঙ্গে।
ভিলারিয়াল বৃহস্পতিবার রাতে শেষ আটের ফিরতি খেলায় এফসি টোয়েন্টিকে হারায় ৩-১ গোলে। প্রথম ও ফিরতি, দুই খেলা মিলে ৮-২ গোলে এগিয়ে থাকায় স্পেনের দলটি জায়গা করে নেয় শেষ চারে।
পর্তুগালের বেনফিকা ২-২ গোলে পিএসভি এন্দোভেনের সঙ্গে ড্র করলেও প্রথম খেলায় ৪-১ গোলে এগিয়ে থাকায় অনুসরণ করে ভিলারিয়ালের পথ।
পর্তুগালের আরেক দল পোর্তো ৫-২ গোলে হারায় স্পার্তাক মস্কোকে। প্রথম খেলায় দলটি জিতেছিল ৫-১ গোলে।
তবে অঘটন ঘটিয়েছে ব্রাগা। ইউক্রেন চ্যাম্পিয়ন ডয়নামো কিয়েভকে নিজেদের মাঠে রুখে দিয়েছে তারা। খেলায় কোনো দলই গোল করতে পারেনি।
প্রথম খেলার ফলাফল ছিল ১-১। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে ব্রাগা প্রথমবারের মতো পৌঁছে ইউরোপা লিগের শেষ চারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৩১ ঘ.
bdnews24