ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ের ফিরতি খেলায় চেলসিকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের গোল দু'টোর জন্য বল বানিয়ে দেন রায়ান গিগস।
প্রথম খেলায় চেলসির মাঠে ১-০ গোলে জেতে ম্যান ইউ। তাই ৩-১ গোলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে তিন বারের চ্যাম্পিয়ন ম্যান ইউ।
ম্যান ইউয়ের পক্ষে গোল দেন হাভিয়ের হার্নান্দেজ ও জি সু পার্ক। চেলসির হয়ে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় দিদিয়ের দ্রগবা।
চেলসি-ম্যান ইউ খেলা মানেই বিশেষ কিছু। তার ওপর যদি হয় চ্যাম্পিয়ন্স লিগের খেলা, তাহলে তো কথাই নেই। প্রথম খেলায় নিজের মাঠে ১-০ গোলে হেরে যাওয়ায় চাপ ছিল চেলসির ওপরই। কিন্তু মাঠের খেলায় তা বোঝার উপায় কোথায়! শুরুতে স্বাগতিক ম্যান ইউয়ের ওপর চেলসি এমনভাবে ছড়ি ঘুরিয়েছে যে, মনে হচ্ছিল গোল পাওয়া সময়ের ব্যাপার মাত্র।
৪-৩-৩ পদ্ধতিতে খেলে চেলসি। আক্রমণভাগে দ্রগবাকে বসিয়ে রেখে মাঠে নামানো হয় ৮০ মিলিয়ন ডলারের ফার্নান্দো তোরেসকে। তাকে সঙ্গ দেন নিকোলাই অ্যানেলকা। ফরাসি অ্যানেলকার দু'টো শট ম্যান ইউয়ের বারের সামান্য ওপর দিয়ে চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচে স্বাগতিকরা।
প্রথম দিকে চেলসির সুন্দর ফুটবলের সামনে লাল জার্সিদের বড় অসহায় লাগছিল। তার সঙ্গে যোগ হয়েছিল সমর্থকদের চিৎকার। তাই নিজেদের গুছিয়ে নিতে প্রায় ২৫ মিনিট লেগে যায় ম্যান ইউয়ের।
আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগলে সুন্দর একটি আক্রমণই যথেষ্ট। ২৫ মিনিটে রচিত হলো সেই আক্রমণ। ডান প্রান্ত থেকে ওয়েন রুনি ভাসিয়ে বল ফেলেন চেলসির বক্সে। ঝাঁপিয়ে পড়ে সেই বল হার্নান্দেজ যেভাবে মাথা দিয়ে জালে জড়ালেন, তা এক কথায় অসাধারণ। তবে অফসাউডের ফাঁদে পড়ায় গোল বাতিল হয়ে যায়।
কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। ততক্ষণে খেলায় ফিরে এসেছে ম্যান ইউ। তাই নিজেদের অর্ধে গুটিয়ে গেলো চেলসি। ৪৩ মিনিটে গোলই খেয়ে বসলো তারা।
'বেলা গড়িয়ে গড়িয়ে সন্ধ্যে হয়ে গেছে' রায়ান গিগসের জন্য। কিন্তু ৩৭ বছর বয়সী গিগস এখনো যেন সেই তারুণ্য ধরে রেখেছেন। ও'শের সঙ্গে বল আদান-প্রদান করে যেভাবে ডান প্রান্ত দিয়ে চেলসির বক্সে ঢুকলেন, তা সত্যিই অবাক হয়ে দেখার মতো। ৭৫ ডিগ্রি কোণ থেকে গোল করা কঠিন হলেও যেকোন ফুটবলারই চাইবেন বাঁ প্রান্তের পোস্ট লক্ষ্য করে শট নিতে। কিন্তু এই জায়গাতেই গিগস উদার। আগুয়ান রুনি ও হার্নান্দেজকে নজরে রেখে বাঁ পোস্টের সামনে বল ঠেলে দেন তিনি। রুনি পৌঁছতে না পারলেও হার্নান্দেজ ঠিকই পৌঁছে যান। ডান পায়ের আলতো টোকায় চেলসির জালে বল জড়ান তিনি। তারপর ডানে তাকিয়ে দেখেলেন সহকারী রেফারির দিকে-অফসাইড হয়েছেন কিনা, এই চিন্তায়। না, সহকারী রেফারির পতাকা ওঠেনি।
দ্বিতীয়ার্ধে নিরুপায় আনচেলত্তি তোরেসের জায়গায় মাঠে নামান দ্রগবাকে। ব্রিটিশ রেকর্ড গড়ে জানুয়ারিতে চেলসিতে যোগ দেন তোরেস। এ নিয়ে ১১ খেলায় কোনো গোলের দেখা পেলেন না তিনি।
৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে রামিরেস মাঠ ত্যাগ করতে বাধ্য হওয়ায় দশজনের দলে পরিণত হয় চেলসি। কিন্তু 'মারো অথবা মরো' অবস্থায় আক্রমণের বিকল্প ছিল না তাদের হাতে। দ্রগবা ঠিকই গোল করলেন ৭৬ মিনিটে। দুই খেলা মিলিয়ে তখন ২-১ গোলে পিছিয়ে চেলসি। আর একটি গোল দিতে পারলে ২-২ গোলে সমতা চলে আসবে। আর প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে তারা পৌছে যাবে শেষ চারে।
কিন্তু তাদের সব পরিকল্পনাতে পানি ঢেলে দিয়ে পরের মিনিটেই ম্যান ইউয়ের পক্ষে গোল করেন অরক্ষিত পার্ক। গিগসের বাড়িয়ে জালে পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার।
সেমিফাইনালে ম্যান ইউয়ের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। বুধবার রাতে শালকে ০৪ ও ইন্টার মিলানের খেলার ওপর নির্ভর করছে তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/টিআর/১৭২৩ ঘ.
bdnews24