২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোর্তো, বেনেফিকা ও ভিলারিয়ালের গোল উৎসব

ইউরোপা লিগের শেষ আটের লড়াই শুরু হয়েছে বৃহস্পতিবার। বড় জয় পেয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পোর্তো, বেনেফিকা ও ভিলারিয়াল। ব্রাগা ও ডায়নামো কিয়েভের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের শেষ আটের লড়াই শুরু হয়েছে বৃহস্পতিবার। বড় জয় পেয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে পোর্তো, বেনেফিকা ও ভিলারিয়াল। ব্রাগা ও ডায়নামো কিয়েভের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। পোর্তো ৫-১ গোলে হারিয়েছে স্পার্তাক মস্কোকে। একই ব্যবধানে এফসি টোয়েন্টির বিপক্ষে জয় পেয়েছে স্পেনের দল ভিলারিয়াল। ১৭ বছর পর ইউরোপের কোনো টুর্নামেন্টে আবারও সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছে বেনেফিকা। ৪-১ গোলে জিতেছে পিএসভি আইন্দোভেনের বিপক্ষে। রাদামেল ফাওকাওয়ের হ্যাট্রিকের সুবাদে একপেশে লড়াইয়ে ৫-১ গোলের সহজ জয় পেয়েছে পোর্তো। দলের পক্ষে একটি করে গোল করেন পেরেইরা এবং ভেরেলা। আর স্পার্তাকের একমাত্র গোলদাতা কিরিল কমবারোভ। নিলমার 'ম্যাজিক' এ ভিলারিয়ালের মাঠে দাঁড়াতেই পারেনি অতিথি এফসি টোয়েন্টি। নেদারল্যান্ডসের ঘরোয়া চ্যাম্পিয়নরা হজম করেছে পাঁচ গোল। 'নিলমার-রসি' জুটি ত্রাস ছড়িয়েছে তাদের রক্ষণে। ভিলারিয়ালের পক্ষে নিলমার দুটি গোল করেন। একটি করে গোল করেন কালোর্স মাচেনা, রসি ও বোরজা ভালেরো। খেলার শেষ মিনিটে টোয়েন্টির পক্ষে মার্ক জানকো একটি গোল শোধ করেন। পর্তুগালের দল বেনেফিকা নিজের মাঠে টেটো সালভিওর জোড়া গোলে সহজ জয় পেয়েছে পিএসভি আইন্দোভেনের বিপক্ষে। বেনফিকা জেতে ৪-১ গোলের ব্যবধানে। দলের পক্ষে অন্য দুটি গোল করেন পাবলো আইমার ও জাভিয়ার সাভিওলার। ডায়নামো কিয়েভ বিশ্ব ফুটবল অঙ্গনে পরিচিত আন্দ্রে শেভচেঙ্কোর কল্যাণে। কিন্তু, সেই 'শেভা'ই প্রায় ডুবিয়েছিলেন দলকে। ৪৬ মিনিটে মাঠে নেমে ১৫ মিনিটের মধ্যে দুটো হলুদ কার্ড দেখে ডায়নামোকে ১০ জনের দলে পরিণত করেন তিনি। খেলায় তখন ১-১ গোলে সমতা। রক্ষণের দৃঢ়তায় শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছেড়ে সেমির আশা এখনো বাঁচিয়ে রেখেছে ইউক্রেনের দলটি। খেলার ৬ মিনিটের সময় নিজের মাঠে আন্দ্রে ইয়ারমোলেঙ্কোর গোলে এগিয়ে যায় ডায়নামো। মধ্যমাঠের খেলোয়াড় ওলে গুসেভের আত্মঘাতী গোলে ১৩ মিনিটে খেলায় ফেরে ব্রাগা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/১৬৩৩ ঘ.