২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করেও শেষ আটে চেলসি

এফসি কোপেনহেগেনের সঙ্গে ফিরতি খেলায় গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা পেয়েছে চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এফসি কোপেনহেগেনের সঙ্গে ফিরতি খেলায় গোলশূন্য ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা পেয়েছে চেলসি। ইংল্যান্ডের দলটি শেষ ষোলোর লড়াইয়ের প্রথম খেলায় ২-০ গোলে জিতেছিল। তাই নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য ড্র শেষ আট নিশ্চিত করতে কোনো অসুবিধা হয়নি চেলসির। চেলসিকে নিয়ে পূর্ণ হলো কোয়ার্টার ফাইনালের ৮ দল। বাকি দলগুলো হচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার, শালকে ০৪ ও শাখতার দোনেৎস্ক। হাল্কা মেজাজে খেলা শুরু করে চেলসি। আস্তে আস্তে বলের দখল নিয়ে নেয় তারা। প্রথম পরিকল্পিত আক্রমণ চালায় ২০ মিনিটে। কোপেনহেগেন গোলরক্ষক জোহান ওইল্যান্ডকে একা পেয়েও দেরিতে শট নেয়ার কারণে গোল করতে পারেননি নিকোলাস অ্যানেলকা। ৫ মিনিট পর ফ্রি-কিক পায় কোপেনহেগেন। দেমেন দোয়ের কিক গোলরক্ষক পিটার চেককে ফাঁকি দিলেও গোলপোস্ট কাঁপিয়ে ফিরে আসে। এরপর রক্ষণভাগের ওপর থেকে আস্থা অনেকটাই হারিয়ে ফেলে চেলসি। মাঝমাঠ থেকে দৃশ্যত নিজেদের গুটিয়ে নেয় তারা। সে সুযোগে বারবার চেলসির রক্ষণভাগে হানা দিতে থাকে নেদারল্যান্ডসের দলটি। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় কার্লো আনচেলত্তির দল। কিন্তু দিদিয়ের দ্রগবা ও অ্যানেলকা সুযোগ হাতছাড়া করায় গোল পায়নি 'ব্লুজ'রা। জন ওবি মাইকেল একবার গোল প্রায় দিয়েই ফেলেছিলেন। কিন্তু তার 'হেড' কোপেনহেগেনের বারে লেগে বাইরে চলে যায়। দল ভালো না খেললেও খুব একটা চিন্তার কিছু দেখছেন না চেলসি গোলরক্ষক পিটার চেক। দল শেষ আটে জায়গা পেয়েছে তাতেই খুশি তিনি, "এই খেলা থেকে অনেক কিছুই পেয়েছি আমরা। ড্র হলেও শেষ আটে পৌঁছেছি, এটাই আসল কথা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/টিআর/১৪৫৮ ঘ.