ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে মেসির জোড়াগোলে ১০ জনের আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের ফলে প্রথম লেগে ১-২ গোলে হেরেও সব মিলিয়ে ৪-৩ অগ্রগামিতা নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বার্সা।
এ নিয়ে টানা দুবার ন্যু ক্যাম্পে স্বপ্নভঙ্গ হল আর্সেনালের। রেফারির অন্তত দুটি সিদ্ধান্ত গেছে তাদের বিপক্ষে।
শেষ ষোলোর অন্য লড়াইয়ে এএস রোমাকে ৩-০ গোলের লজ্জাজনক হার উপহার দিয়েছে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ক । ৬-২ গোলে আগ্রগামিতা নিয়ে শেষ আটে বার্সাকে অনুসরণ করেছে তারা।
গত বছর বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ১-৪ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগকে বিদায় জানিয়েছিল আর্সেনাল। তাই এবার ছিল প্রতিশোধের পালা।
খেলার ৫৪ মিনিটে আর্সেনালের আক্রমণভাগের খেলোয়াড় রবিন ফন পার্সিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রেফারি মাসিমো বুসাকা।
অফসাইডের বাঁশি বাজানোর পরেও শট নেন পার্সি। পার্সি গ্যালারীর দিকে ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করেন ৯৫ হাজারেরও বেশি বার্সা সমর্থকের চিৎকারে বাঁশির আওয়াজ শুনতে পান নি। কিন্তু যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে তা। রেফারির হাতে উঠে এসেছে লাল কার্ড, আর্সেনাল হয়ে গেছে ১০ জনের দল।
এরপর আর্সেনালকে নিয়ে ছেলেখেলায় মেতে ওঠে মেসি বাহিনী। মুহুর্মুহু আক্রমণে অস্থির করে তোলে তাদের রক্ষণভাগ।
অবশেষে বার্সার জন্য কাঙ্খিত সেই গোলটি এনে দেন জাভি। অবলীলায় দুর্বল গানারদের রক্ষণ ভেঙ্গে গোলরক্ষক আলমুনিয়াকে পরাস্ত করেন তিনি (২-১)। খেলার তখন ৬৯ মিনিট।
দুই মিনিট পর আবারও রেফারির ভুল সিদ্ধান্ত, পেনাল্টি আর্সেনালের বিপক্ষে! ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৩-১ গোলে এগিয়ে নেন মেসি। শেষ পর্যন্ত ঐ ব্যবধানেই খেলা জেতে বার্সা।
এর আগে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সেস ফ্যাব্রিগাসের ভুলে বার্সাকে এগিয়ে নেন মেসি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে সার্জিও বাসকাটের আত্মঘাতী গোলে খেলায় ফিরে আসে আর্সেনাল।
খেলায় ২ গোল করে আবারও রেকর্ড করলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে তার গোল সংখ্যা দাড়ালো রেকর্ড ৩৩ এ। আগের রেকর্ডটি ছিল ব্রাজিলিয়ান রিভালদোর।
আর ইউক্রেনে নিজেদের মাঠে অপরাজিত থাকার রেকর্ড টানা ৩২ সপ্তাহে নিয়ে গেল শাখতার দোনেৎস্ক। রোমাকে ৩-০ গোলে উড়িয়ে জায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে। শাখতারের পক্ষে গোলগুলো করেন থমাস, ওলিয়ান ও এডোয়ার্ডো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২০২৩ ঘ.
bdnews24