ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করছেন কুয়েতের কোচ মাহের আল সামারি।
রাজধানীর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বাংলাদেশ যথেষ্ঠ গোছানো দল। তারপরও আমরা জিতবো।"
কুয়েত দলের লক্ষ্য পরের পর্বে ওঠা। এ প্রসঙ্গে সামারি বলেন, "আমার লক্ষ্য অলিম্পিকের বাছাই পর্ব নিশ্চিত করা। তবে আমি এখন ভাবছি প্রাক-বাছাই পর্ব নিয়ে।"
"বাংলাদেশের আবহাওয়ায় আমাদের ফুটবল খেলতে খুব একটা সমস্যা হবে না। তাই খেলাটিও ভালো হবে,"বলেন কুয়েত কোচ।
বাংলাদেশ দল সম্পর্কে তিনি বলেন, "নিজেদের মাটিতে বলে তারা ভালো খেলবে বলে আমি মনে করছি। যদিও কুয়েতে তারা রক্ষণাত্মক ফুটবল খেলেছিল।"
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯ মার্চ বিকেল ৫ টায় খেলা শুরু হবে।
এর আগে কুয়েতে প্রথম খেলায় বাংলাদেশ হার মানে ২-০ গোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২০৫ ঘ.
bdnews24