ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে বুধবার পিছিয়ে পড়েও বার্সেলোনাকে ১-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এ এস রোমার বিপক্ষে ২-৩ গোলে জিতেছে শাখতার দোনেৎস্ক।
ইতালির লিগ 'সেরি আ'তে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্টিনাকে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে আর্সেনালের স্মৃতি খুব একটা মধুর নয়। পাঁচবার বার্সার সঙ্গে খেলে তিনবার হেরেছে গানার্সরা, ড্র করেছে দু'বার।
গত বছরেরর কোয়ার্টার ফাইনালেও বার্সার কাছে হেরে ইউরোপ সেরার লড়াই থেকে বিদায় নিয়েছিল আর্সেনাল।
বুধবার রাতে সে হারের প্রতিশোধ নিল আর্সেন ওয়েঙ্গারের দল।
অথচ বার্সেলোনার শুরুটা ছিল দুর্দান্ত। পায়ে যেন আঠা লাগিয়ে নেমেছিল বার্সার খেলোয়াড়রা! বল একবারের জন্যও তাদের পা ছাড়া হচ্ছিল না। ২২ জনের খেলা হলেও মনে হচ্ছিল খেলছে পেপ গার্দিওলার ১১ সৈনিক।
লিওনেল মেসির 'ড্রিবলিং' ও অনিন্দ্য সুন্দর বল আদান-প্রদানের মাধ্যমে অসাধারণ আক্রমণ রচনা-কি ছিল না বার্সার খেলায়? 'টোটাল' ফুটবল হয়তো একেই বলে।
অসাধারণ খেলার ফল ২৬ মিনিটে পায় কাতালানরা। মেসির দেয়া বল যখন ডেভিড ভিয়ার পায়ে পড়ে, তখন সামনে শুধু আর্সেনাল গোলরক্ষক সেচেসনি। ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি। সঙ্গে সঙ্গে আর্সেনালের এমিরেটস মাঠ একেবারে নিশ্চুপ হয়ে যায়।
প্রথমার্ধে আর্সেনাল কয়বার বার্সার রক্ষণভাগে হানা দিয়েছে, তা হাতে গুনেই বলে দেয়া যাবে।
সেই আর্সেনালই কিনা দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলো! থিও ওয়ালকটের জায়গায় আন্দ্রে আরশাভিনকে নামিয়ে জুয়া খেলেন আর্সেন ওয়েঙ্গার। ফল পান হাতে-নাতে।
৫ ফুট ৬ ইঞ্চি লম্বা এই রুশ খেলোয়াড়ই ঘুরিয়ে দেন খেলার মোড়। ৭৮ মিনিটে তার ঠেলে দেয়া বল ক্লিচির পা ঘুরে গিয়ে পড়ে রবিন ফন পার্সির পায়ে। যে কোণ থেকে গোলটা তিনি করলেন, তা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।
৮৩ মিনিটে গানার্সদের পক্ষে জয়সূচক গোল দেন আরশাভিন।
প্রথমবারের মতো শেষ ষোলোতে পা রাখা শাখতার দোনেৎস্ক-এর বিপক্ষে যাচ্ছেতাই খেলেছে ফ্রান্সেস্কো টট্টির রোমা। এগিয়ে গিয়েও প্রথমার্ধে তিন গোল হজম করে তারা।
দ্বিতীয়ার্ধে একটির বেশি গোল শোধ করতে না পারায় ২-৩ ব্যবধানে হার মানে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৩৪৬ ঘ.
bdnews24