ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাউল গঞ্জালেসের গোলে চ্যাম্পিয়ন্স লিগের 'নক-আউট' পর্বের প্রথম খেলায় মঙ্গলবার জার্মনির ক্লাব শালকে ০৪ ১-১ গোলে ড্র করেছে স্পেনের ভালেন্সিয়ার সঙ্গে। পিটার ক্রাউচের গোলে এসি মিলানকে ০-১ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার।
ইউরোপা কাপে জার্মানির আরেক ক্লাব অ্যারিস সালোনিকার সঙ্গে ০-০ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।
ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র খেলায় নিউক্যাসল ইউনাইটেড ২-০ গোলে জিতেছে বার্মিংহাম সিটির বিপক্ষে ।
শালকে ০৪ ও ভালেন্সিয়ার খেলা নিয়ে ফুটবলামোদীদের মধ্যে আগ্রহের মাত্রা ছিল একটু বেশি। আকর্ষণের কেন্দ্র বিন্দুতে ছিলেন মূলত রাউল গঞ্জালেস। রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছেদ করে চলতি মৌসুমে শালকেতে যেগ দেন তিনি। প্রশ্ন ওঠে-রাউল কি পারবেন ভালেন্সিয়ার মাঠে এসে গোল করে তার 'স্বদেশ প্রত্যাবর্তন'কে স্মরণীয় করে রাখতে?
প্রথমার্ধে পারলেন না।
উল্টো ১৭ মিনিটে রবার্তো সোলদাদোর গোলে এগিয়ে যায় ভালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধে রীতিমতো 'ম্যাজিক' দেখান রাউল। গোল করলেন খেলার ৬৪ মিনিটে। সেই সঙ্গে পেয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগে তার ৭০ তম গোল। খেলাতেও ফেরালেন সমতা। শেষ পর্যন্ত তার গোলেই শালকে পেয়েছে মূল্যবান ১ পয়েন্ট।
এসি মিলানের মাঠ থেকে ০-১ গোলে জিতে বাড়ি ফিরেছে টটেনহাম।
ইতালির 'সেরি-আ' মানেই আগে রক্ষণভাগ সামলাও, তারপর আক্রমণে যাও। আর ইংলিশ প্রিমিয়ার লিগ মানে 'পাওয়ার' ফুটবল।
কিন্তু খেলায় দেখা গেল পুরো উল্টো চিত্র। এসি মিলান আক্রমণ চালিয়েছে। আর রক্ষণভাগ সামলে আক্রমণে গেছে টটেনহ্যাম।
মিলান বারবার আক্রমণ চালিয়েও গোল করতে পারেনি। কিন্তু ঘর সামলিয়ে আক্রমণ চালিয়ে ঠিকই গোল আদায় করে নিয়েছে টটেনহ্যাম। খেলার ৮০ মিনিটে অ্যারন লেলন আড়াআড়িভাবে বল ঠেলে দেনে ক্রাউচের কাছে। মিলানের জালে বল পাঠাতে কোনো অসুবিধা হয়নি তার।
পুরো খেলাতেই মিলান অধিনায়ক গ্রানেরো গাত্তুসো ছিলেন বেশ উত্তেজিত। কয়েকবার টটেনহামের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতেও জরিয়ে পড়েন তিনি। পরিণামে দেখেছেন হলুদ কার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৪৪১ ঘ.
bdnews24