ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। এই জয়ের ফলে বাংলাদেশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আবারো পৌঁছে গেল মুক্তিযোদ্ধা।
কমলাপুরের বীরশ্রষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে জিতলেও মুক্তিযোদ্ধাকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে পয়েন্ট তালিকার তলানির দল চট্টগ্রাম আবাহনী।
খেলার ৩০ মিনিটে তৌহিদুল আলমের গোলে এগিয়ে যায় আবাহনী। দলের নাইজেরিয়ার খেলোয়াড় পিটার পেছন দিকে বল ঠেলে দেন তৌহিদুল ইসলামের কাছে। আড়াআড়ি শটে মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে বোকা বানাতে কোনো অসুবিধা হয়নি তার।
তবে খেলায় সমতা ফেরাতে খুব একটা সময় নেয়নি মুক্তিযোদ্ধা। ৪৪ মিনিটে দলের আফ্রিকার মাঝমাঠের খেলোয়াড় জেমস মগার ফ্রি-কিক আশ্রয় নেয় আবাহনীর জালে।
এরপরই ছন্দ ফিরে পায় মুক্তিযোদ্ধা। ৬২ মিনিটে দলের নাইজেরিয়ার আক্রমণভাগের খেলোয়াড় বুকোলার বাড়ানো বল পেয়ে আলমগীর কবির রানা বাঁ পায়ে তীব্র শট নেন। বলটি ঠেকানোর কোনো সুযোগই পাননি আবাহনীর গোলরক্ষক।
এক মিনিট পর জেমস মগার ফ্রি-কিক বদলি গোলরক্ষক উজ্জ্বল ঠেকালেও শেষ রক্ষা হয়নি চট্টগ্রাম আবাহনীর। ফিরতি বল আবাহনীর জালে পাঠান মুক্তিযোদ্ধার অধিনায়ক রজনী কান্ত।
তবে খেলা শেষ হওয়ার এক মিনিট আগে একটি গোল শোধ করেন পিটার। এতে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি চট্টগ্রাম আবাহনী।
এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আবারো পৌঁছে গেছে তালিকার শীর্ষে। আর ২ পয়েন্ট নিয়ে সব দলের নিচেই থেকে গেল চট্টগ্রাম আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৪৮ ঘ.
bdnews24