ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পতুর্গালকে ১-২ গোলে হারিয়ে বুধবার প্রীতি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জন্য রাতটা মোটেও সুখকর ছিল না। ফ্রান্সের কাছে ১-০ গোলে হার মেনেছে তারা।
অন্যান্য খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ১-০ গোলে কলোম্বিয়াকে, মেক্সিকো ২-০ গোলে বসনিয়া-হারজেগোভিনাকে ও নেদারল্যান্ডস ৩-১ গোলে হারায় অস্ট্রিয়াকে। আর অঘটনের শিকার হয়েছে রাশিয়া। ০-১ গোলে হেরে গেছে তারা ইরানের কাছে। জার্মানি ও ইতালির খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
আর্জেন্টিনা ও পর্তুগালের খেলার দিকে তাকিয়ে ছিল পুরো ফুটবল বিশ্ব। কারণ মাঠে লিওনেল মেসির সামনে ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলার মধ্যে যেন আরেকটি লড়াই। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিভাধর দুই ফুটবলারের লড়াইয়ে কে জেতে, দুই দলের জয় পরাজয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাও।
তবে শেষ পর্যন্ত জিতেছেন মেসি, দু'টো গোলের জন্যই বল বানিয়ে দেন তিনি। আবার রোনালদো হেরেছেন, এ কথাও মানতে চাইবেন না অনেকে। পর্তুগালের একমাত্র গোলটি এসেছে রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড়ের পা থেকেই।
আর্জেন্টিনাকে চমকে দিয়ে খেলার শুরুতেই তাদের চেপে ধরে পর্তুগাল। তবে শক্তি ও কৌশলে অনেক এগিয়ে থাকা আর্জেন্টিনা খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয়। মেসি, ক্যাম্বিয়াসো ও লাভেজ্জি, এই তিনজন ধীরে ধীরে ত্রাস হয়ে উঠতে থাকেন প্রতিপক্ষ শিবিরের জন্য।
খেলার ১৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে পতুর্গালের বক্সের কাছাকাছি গিয়ে আলতো করে অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছে বল ঠেলে দেন মেসি। জালে বল জড়াতে মোটেও অসুবিধা হয়নি মারিয়া।
৬ মিনিট পরই গোল শোধ করে পর্তুগাল। গোল দেন রোনালদো।
গোল খেয়ে দিশেহারা হয়ে পড়ে আর্জেন্টিনা। রাউল মেইরিলেস ও রোনালদো জুটির একের পর এক আক্রমণের ফলে ছন্দ হারিয়ে ফেলে আর্জেন্টিনা। প্রথমার্ধের আর সেই ছন্দ খুঁজে পায়নি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যেতো পর্তুগাল। কিন্তু দুর্ভাগ্য তাদের, হুগো আলমেইদা মাথা দিয়ে জালে বল পাঠানোর চেষ্টা করলেও আর্জেন্টিনার বারে লেগে ফিরে আসে তা।
এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। কোনো পক্ষই গোল করতে পারছিল না। সবাই ধরে নিয়েছিল খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হবে। তখনই পেনাল্টির বাঁশি। ম্যানুয়েল মার্টিনেজের ধাক্কায় পর্তুগালের বক্সে পড়ে যান আর্জেন্টিনার ফ্যাবিও কোওয়েনট্রাও। গোল করে জয় নিশ্চিত করেন মেসি।
ফ্রান্সের বিপক্ষে নিজেদের কপালকে দুষতেই পারে ব্রাজিল। লড়াই চলছিল সমানে-সমান। ৪০ মিনিটে করিম বেনজেমার কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে তার বুক উচ্চতায় পা উঠিয়ে দেন ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড় হারনানেস। রেফারি লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
৫৫ মিনিটে জেরেমি মেনেজের কাছ থেকে আড়াআড়িভাবে বল পেয়ে ব্রাজিলের জালে জড়িয়ে স্বাগতিকদের আনন্দে ভাসিয়ে দেন করিম বেনজেমা। এরপর অবশ্য আরো দু'টো সুযোগ নষ্ট করেন তিনি। নাইলে বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো ফ্রান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/এসএনএল/১৩৪৭ ঘ.
bdnews24