ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় লিওনেল মেসির হ্যাট্রিকের সুবাদে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে টানা ১৬ জয়ের রেকর্ড গড়েছে বার্সেলোনা। আলমেরিয়া ৩-২ গোলে এসপানিয়লকে, গেটাফে ৪-১ গোলে দেপোর্তিভো লা করুনাকে ও লেভান্তে ১-০ গোলে হারিয়েছে ভিলারিয়ালকে।
ইতালির 'সেরি আ'তে জুভেন্টাস ৩-১ গোলে ক্যাগলিয়ারির বিপক্ষে ও উদিনেস ২-০ গোলে জিতেছে সাম্পদোরিয়ার সঙ্গে।
চলতি মৌসুমের অসাধারণ 'ফর্ম' শনিবারের খেলাতেও স্পষ্ট হয়ে ওঠে মেসির খেলায়। প্রথমার্ধে তার জোড়া গোলে ২-০ তে এগিয়ে যায় বার্সা। শুরু থেকেই এলেমেলো অ্যাটলেটিকোর জালে ৭৯ মিনিটে তৃতীয়বার বল ফেলে হ্যাট্রিক করেন আর্জেন্টিনার এই ফুটবলার।
এই জয়ের ফলে লা লিগায় টানা ১৬ ম্যাচ জেতার রেকর্ড গড়লো বার্সা। এর আগের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের। ১৯৬০-৬১ মৌসুমে দলটি জেতে টানা ১৫ খেলায়।
হ্যাট্রিক করে লা লিগায় নিজের গোল সংখ্যা ২৪-এ নিয়ে গেলেন মেসি। পেছনে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তার গোল সংখ্যা ২২।
২২ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় রিয়াল মাদ্রিদ রয়েছে ১০ পয়েন্ট পেছনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮০৮ ঘ.
bdnews24