ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ১-২ গোলে হেরেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে আর্সেনাল। কার্লোস তেভেজের হ্যাট্রিকের সুবাদে ওয়েস্ট ব্রমউইচকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
দিনের অন্যান্য খেলায় স্টোক সিটি ৩-২ গোলে সান্ডারল্যান্ডকে, টটেনহাম হটস্পার ২-১ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে, উইগ্যান অ্যাথলেটিক ৪-৩ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে, এভারটন ৫-৩ গোলে ব্ল্যাকপুলকে হারিয়েছে। ফুলহাম ও অ্যাস্টন ভিলার খেলা ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
শনিবার লিগের আটটি খেলায় মোট গোল হয়েছে ৪১টি, যা ভেঙ্গে দিয়েছে গত বছরের ২৭ নভেম্বরের রেকর্ড। সেদিন মোট গোল হয় ৩৬টি।
টানা ২৯ খেলায় জেতার পর লিগে হারের স্বাদ নিতে হলো ম্যানচেস্টার ই্উনাইটেডকে। অবশ্য খেলার শুরুতে মনে হয়েছিল টানা জয়ের রেকর্ড ৩০ এ নিয়ে যাবে ম্যান ইউ। খেলার ৩ মিনিটে ন্যানি একক প্রচেষ্টায় গোল করলে এগিয়ে যায় দলটি।
উলভারহ্যাম্পটন ১০ মিনিটে কর্নার থেকে গোল শোধ করে। জর্জ উলোকোবি মাথা দিয়ে বল জড়িয়ে দেন ম্যান ইউয়ের জালে। ৪০ মিনিটে আবারো ম্যান উইয়ের জালে বল, এবার গোল দেন কেভিন ডয়লে। মিলিয়াসের ফ্রি-কিক মাথা দিয়ে পাঠিয়ে দেন তিনি ম্যান ইউয়ের জালের বাম প্রান্তে।
দ্বিতীয়ার্ধের পুরো সময় ছিল ম্যান ইউয়ের আক্রমণ আর উলভসদের প্রতিরোধ। আটজনেরও বেশি উলভস খেলোয়াড় ছিলেন নিজেদের বক্সে, যাতে ম্যান ইউ গোল শোধ করতে না পারে। হয়েছেও তাই, ম্যান ইউয়ের সব আক্রমণই পথ হারিয়ে ফেলে উলভসের বক্সে কাছে পৌঁছা মাত্র।
সবচেয়ে উপভোগ্য খেলা হয়েছে নিউক্যাসলের মাঠে। প্রথম ২৬ মিনিটের মধ্যে থিও ওয়ালকট, জোহান জরু ও রবিন ফন পার্সির গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথি আর্সেনাল। তখন কে ভেবেছিল শেষ পর্যন্ত হারতে হারতে ড্র করবে গানার্সরা ! ওয়ালকট ও জোহান একটি করে গোল করলেও পার্সি দেন দু'টি।
সর্বনাশ ঘটিয়েছেন আবু দিয়াবা। ৫০ মিনিটে তিনি লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল। এরপর শুরু হয় নিউক্যাসলের একের পর এক আক্রমণ। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন জো বার্টন। ৬ মিনিট পর লিয়ন বেস্টের শট পৌঁছে যায় আর্সেনালের জালে। ৮৩ মিনিটে আবার পেনাল্টি এবং আবারো বার্টন। ফলাফল ৩-৪।
খেলার ৮৮ মিনিটে ২০ মিটার দূর থেকে চেক তাওতের দুর্দান্ত ভলি গার্নাসদের জালে আশ্রয় নিতেই উল্লাসে মেনে ওঠে ওঠে স্বাগতিক ৫১ হাজার দর্শক।
নিজের ২৭তম জন্মদিনকে বেশ ভালোভাবেই উদযাপন করেন তেভেজ। তার হ্যাট্রিকের ওপর ভর করে ওয়েস্ট ব্রমউইচকে ০-৩ গোলে হারায় ম্যানচেস্টার সিটি।
২৫ খেলায় ম্যান ইউয়ের সংগ্রহ ৫৪ পয়েন্ট, আর্সেনালের ৫০। পয়েন্ট তালিকার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে দল দু'টি। ২৬ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যান সিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭৩০ ঘ.
bdnews24