ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন বাংলাদেশ লিগে শনিবার সহজ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র।
কক্সবাজার স্টেডিয়ামে শেখ জামাল ২-০ গোলে জিতেছে চট্টগ্রাম মোহামেডানের বিপক্ষে। আর কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কার্লেস গুইয়ের জোড়া গোলের সুবাদে শেখ রাসেল ৩-০ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে।
কক্সবাজারে খেলার দ্বিতীয়ার্ধে গোল দু'টি করে শেখ জামাল। ৪৯ মিনিটে প্রথম গোল দেন জাহিদ হাসান এমিলি। লিগে এটি তার প্রথম গোল। এর আগে ছয় খেলায় গোলের দেখা পাননি জাতীয় দলের আক্রমণভাগের এই খেলোয়াড়।
দ্বিতীয় গোলটি করেন মদো হুগয়েজ, খেলার ৭২ মিনিটে।
এ জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী ও শেখ রাসেলকে টপকে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলো শেখ জামাল। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুক্তিযোদ্ধা। শেখ রাসেল তৃতীয়, আবাহনী চতুর্থ ও ঢাকা মোহামেডান রয়েছে পঞ্চম স্থানে।
শেখ জামালের কাছে হেরে ৭ খেলায় ৭ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম মোহামেডান আছে সপ্তমে।
কমলাপুর স্টেডিয়ামে খেলার ৫ মিনিটে কার্লেস গুই এগিয়ে নেন শেখ রাসেলকে। ৩ মিনিট পর আবারো গোল করে ব্যবধান বাড়ান সেই কার্লেস। মোয়াজ্জেম হোসেন খান ৭৩ মিনিটে ফেনী সকারের কফিনে শেষ পেরেকটি ঠোকেন।
ফেনী সকার ৭ খেলায় ৩ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯২০ ঘ.
bdnews24