ঢাকা, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিলি ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মার্সেলো বিয়েলসা। ৫৫ বছর বয়সী বিয়েলসা ২০০৭ সালে এই দায়িত্ব নেন।
বেশ কিছুদিন ধরেই চিলি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সার্জিও যাদুর সঙ্গে বিয়েলসার মতের অমিল নিয়ে গুঞ্জন ছিল বাতাসে। তারপরও সে দেশের প্রচার মাধ্যমের ধারণা ছিল, ২০১১ সালের কোপা আমেরিকা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু লাখ লাখ ভক্তকে কাঁদিয়ে শুক্রবার বিদায়ের ঘোষণা দেন তিনি। গতমাসে চিলি ফুটবল প্রধানের দায়িত্ব নেন সার্জিও।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিয়েলসা বলেন, যাদুর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েও তিনি কোনো সাড়া পাননি। নতুন কিছু পরিকল্পনা নিয়ে তিনি নতুন প্রধানের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু সব ভেস্তে গেছে বলে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়ে শুক্রবার তা বাস্তবায়ন করেছেন বলে জানিয়ে তিনি বলেন, "এ জন্য আমি সবাইর কাছে ক্ষমা চাচ্ছি। কিন্তু সততার সঙ্গে বলতে পারি, আমি নিজেকে বিন্দু মাত্র দায়ী করি না।"
চিলির কোচ হিসেবে বিয়েলসার অর্জন কম নয়। ২০১০ সালের বিশ্বকাপে তার প্রশিক্ষণেই দ্বিতীয় পর্বে ওঠে চিলি। এমনকি বাছাই পর্বেও দুর্দান্ত খেলে তারা। তার প্রশিক্ষণেই আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় চিলি। কোচ হিসেবে অসাধারণ দক্ষতার কারণে ২০০৯ সালে দক্ষিণ আমেরিকার সেরা কোচের পুরষ্কারও ওঠে তার হাতে।
বিয়েলসার নতুন ঠিকানা জানা না গেলেও চিলির নতুন কোচ হিসেবে ক্লদিও বিচি বর্গির নাম শোনা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24