ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরনের গুঞ্জনের অবসান ঘটিয়ে লিভারপুল ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন স্পেনের তারকা ফুটবলার ফার্নান্দো তোরেস। শীতকালীন দলবদলের একদম শেষ মুহূর্তে তোরেসকে দলে নিতে চেলসির খরচ হয় ৫৮.৫ মিলিয়ন ডলার।
পাঁচ মৌসুম চেলসিতে খেলবেন তিনি।
গত এক সপ্তাহ ধরেই ২৬ বছর বয়সী তোরেসকে নিয়ে কাড়াকাড়ি চলছিল চেলসি ও লিভারপুলের মধ্যে। কয়েক দিন আগে লিভারপুল জানিয়েছিল, তোরেস তাদের সঙ্গেই থেকে যাচ্ছেন।
দল-বদলের বিষয়টি নিশ্চিত করা হয় তোরেসের নিজের ওয়েবসাইটে। সোমবার এতে বলা হয়, বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দিয়েছেন তোরেস।
লিভারপুলের হয়ে তিন মৌসুমে ১৪২ বার মাঠে নামেন তোরেস। গোল করেন ৮১টি।
এদিকে লিভারপুল দলে টেনেছে আয়াক্স আমস্টারডামের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজকে। এ জন্য দলটির খরচ হয় ২৬.৫ মিলিয়ন ডলার।
বেনফিকার রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড লুই ২৫ মিলিয়ন ডলারের বিনিময়ে যোগ দেন চেলসিতে।
শেষ মুহূর্তে শীতকালীন দলবদলের বাতাস গরম করেন নিউক্যাসলের রক্ষণভাগের খেলোয়াড় অ্যান্ডি ক্যারল। ৪১ মিলিয়ন ডলারের বিনিময়ে লিভারপুলে যোগ দেন তিনি। সেই সঙ্গে পরিণত হন বিশ্বের সপ্তম দামী খেলোয়াড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭২৩ ঘ.
bdnews24