ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের ফুটবলে আবারো ছড়ি ঘোরাতে চাইছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তাই নতুন কোচ হিসেবে শুক্রবার নিয়োগ দিয়েছে দলটি কার্লো আনচেলোত্তিকে।
এদিকে খেলোয়াড় কেনার পেছনে এরই মধ্যে ১১৬ মিলিয়ন ডলার খরচ করে ফেললেও বেকহ্যামকে দলে টানার ব্যাপারে অনিশ্চিত তারা।
চেলসি, এসি মিলান ও জুভেন্টাসের সাবেক কোচ আনচেলোত্তি শুক্রবার দায়িত্ব বুঝে নেন আন্তোইন কোমবুয়ারের কাছ থেকে। যদিও মৌসুমের এই মাঝামাঝি সময়ে পিএসজি রয়েছে ফ্রেঞ্চ লিগের শীর্ষে, তারপরও বিদায় নিতে হলো কোমবুয়ারকে।
দায়িত্ব নেয়ার পর আনচেলোত্তি বলেন, “আমার মনে হয় পিএসজিকে আমি ইউরোপের একটি বড় দলে রূপান্তর করতে পারবো।
“লিগ শিরোপা জেতার পাশাপাশি আমরা আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাই,” যোগ করেন ইতালির এই কোচ, “আমরা চাই বর্তমানের তুলনায় পিএসজিকে আরো বড় দলে রূপান্তর করতে। ফ্রান্স ও ইউরোপে আমরা আমাদের সাধ্য মতো ভালো খেলতে চাই।”
২০০৪ সালের পর থেকে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নিতে পারেনি। তবে ১৯৯৫ সালে সেমিফাইনাল পর্যন্ত ওঠে দলটি। পরের বছর জেতে বর্তমানে বিলুপ্ত ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ।
আনচেলোত্তিকে নিয়োগ দেয়া হয়েছে আড়াই বছরের জন্য।
তার অধীনে মিলান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে ২০০৩ ও ২০০৭ সালে। দুই মৌসুম আগে চেলসির হয়ে জেতেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ শিরোপা।
এদিকে বেকহ্যাম প্রসঙ্গে পিএসজির ক্রীড়া বিষয়ক পরিচালক লিওনার্দো বলেন, পারিবারিক কারণে তার ফ্রান্সে আসা নাও হতে পারে।
“বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন বেকহ্যাম। তার পরিবারও থাকেন সেখানে। এরই মধ্যে আমরা অনেক আলোচনা করেছি, এখনো করছি। তবে তার ব্যাপারে আমি নিশ্বিত নই,” যোগ করেন তিনি।
লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির সঙ্গে বেকহ্যামের পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত মাসে। তবে থেকে যাওয়ার জন্য নতুন প্রস্তাব দিয়েছে গ্যালাক্সি। সেই প্রস্তাব তিনি গ্রহণ করতে পারেন।
ইংল্যান্ডেরও কয়েকটি ক্লাব বেকহ্যামকে পেতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩১ ঘ.
bdnews24