২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিকট ভবিষ্যতে রিয়াল ছাড়ছেন না মরিনহো

নিকট ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা স্রেফ উড়িয়ে দিয়েছেন হোসে মরিনহো। একই সঙ্গে আকর্ষণীয় ফুটবল নয়, সব সময় ফলাফলের ওপর মরিনহো গুরুত্ব দিয়ে আসছেন বলে তার সমালোচনাকেও ‘ভলি’ মেরে পাঠিয়ে দিয়েছেন স্টেডিয়ামে বাইরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিকট ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা স্রেফ উড়িয়ে দিয়েছেন হোসে মরিনহো। একই সঙ্গে আকর্ষণীয় ফুটবল নয়, সব সময় ফলাফলের ওপর মরিনহো গুরুত্ব দিয়ে আসছেন বলে তার সমালোচনাকেও ‘ভলি’ মেরে পাঠিয়ে দিয়েছেন স্টেডিয়ামে বাইরে। রিয়ালের ওয়েবসাইটে চেলসির সাবেক কোচ শুক্রবার বলেন, ‘ইন এ কাপল অব ইয়ার্স’ বলতে ঠিক দু’বছর নয়, বোঝানো হয়েছে কয়েক বছর। “খারাপ ফলাফলের কারণে আগামী দুই বছরের মধ্যে ক্লাব কর্তৃপক্ষ বের করে না দিলে কেউ আমাকে ক্লাব থেকে তাড়িয়ে দিতে পারবে না,” বলেন ৪৮ বছর বয়স্ক মরিনহো, “তবে আমি নিশ্চিত যে রিয়াল মাদ্রিদে আমি আমার চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবো।” তারপরও মরিনহো দীর্ঘ মেয়াদে তার ভবিষ্যত দেখছেন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগেই। তার ভাষায়, “সবাই জানেন, আমি আমি ইংল্যান্ডে থাকতে চাই। তাই একদিন না একদিন স্বাভাবিকভাবে আমি ইংল্যান্ড চলে যাবো।” রিয়ালের সঙ্গে মরিনহোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৪ সালে। এই মরিনহোর হাত ধরে ২০১০-১১ মৌসুমে কোপা দেল রে জয়ের মধ্য দিয়ে তিন বছরের মধ্যে প্রথম কোনো শিরোপার স্বাদ নেয় রিয়াল। কিন্তু লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অসহায় হয়ে পড়ছে তার দল। তবে লা লিগায় ১৬ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তার দল। আর বার্সার চেয়ে এগিয়ে আছে তিন পয়েন্ট। মরিনহোর ভলি অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন, বার্সেলোনার খেলা যতোটা আকর্ষণীয়, ঠিক ততোটা আকর্ষণীয় নয় রিয়ালের খেলা। মরিনহোর অধীনে দলটির নজর কেবল ফলাফলের দিকে। কিন্তু বিশেষজ্ঞদের কথা মেনে নিতে পারছেন না এই পর্তুগিজ কোচ। তিনি মনে করেন, দর্শকরা তার দলের খেলা দেখতে পছন্দ করেন বলেই তারা তার খেলোয়াড়দের খেলা দেখতে আসেন। “যদি কেউ বলেন আমরা ভালো খেলতে পারি না, শুধু ফলাফলের দিকে তাকিয়ে থাকি তাহলে তারা অবশ্যই মিথ্যা বলছেন,” যোগ করেন মরিনহো, “আমরা ভালো খেলি এবং দর্শকরা তা উপভোগ করেন। সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা যে দলের বিপক্ষেই খেলি না কেন, সব সময় স্টেডিয়াম থাকে কানায় কানায় পূর্ণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৮ ঘ.