ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলের কোচ হতে আপত্তি নেই দিয়েগো মারাদোনার।
কোচের পদ থেকে স্লোভেনিয়ার স্রেকো কাতানেসকে বরখাস্ত করার পর থেকে দেশটির বিভিন্ন প্রচার মাধ্যমে ওই পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে মারাদোনার নাম বলা হচ্ছিল। সেপ্টেম্বরে লেবাননের কাছে ৩-১ গোলে হারার পর কাতানেসকে বরখাস্ত করা হয়।
এর পর থেকে অন্তবর্তীকালীন কোচের অধীনে তিন খেলায় হার মানে আমিরাত।
বর্তমানে মারাদোনা দেশটির আল ওয়াসল ক্লাবের কোচ হিসেবে কাজ করছেন।
আর্জেন্টিনার এই জীবন্ত কিংবদন্তী বুধবার আমিরাতের কোচ হওয়ার ব্যাপারে তার অনাপত্তির কথা জানালেও দেশটির ফুটবল ফেডারেশন তাকে কোনো প্রস্তাব দিয়েছে কি না, তা তিনি বলেননি। তবে তার ইচ্ছার কথা তিনি ঠিকই বলেছেন, আনন্দের সঙ্গেই কোচের দায়িত্ব নেবেন।
আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, আল ওয়াসল ও জাতীয় দলের কোচের দায়িত্ব তিনি একই সঙ্গে পালানের চিন্তা-ভাবনা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৮ ঘ.
bdnews24