২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করার অভিযোগ অস্বীকার আদ্রিয়ানোর

আদ্রিয়ানে সিরিলো ডস স্যান্তোস নামের এক তরুণীর হাতে গুলি করার অভিযোগ অস্বীকার করেছেন করিন্থিয়ান্সের আক্রমণভাগের খেলোয়াড় আদ্রিয়ানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 07:34 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদ্রিয়ানে সিরিলো ডস স্যান্তোস নামের এক তরুণীর হাতে গুলি করার অভিযোগ অস্বীকার করেছেন করিন্থিয়ান্সের আক্রমণভাগের খেলোয়াড় আদ্রিয়ানো। সোমবার তিনি বলেন, আদ্রিয়ানে নিজেই তার হাতে গুলি করেছেন। গান-পাউডার দিয়ে পরীক্ষা করলেই তার এ কথা প্রমাণ হয়ে যাবে। “এভাবে পরীক্ষা করলেই জানা যাবে যে আমি মিথ্যা বলছি না,” ব্রাজিলের একটি পত্রিকাকে তিনি বলেন, “এখন আমাকে বিশ্বাস করবেন কি না, এটা আপনার বিষয়। আদ্রিয়ানোর সঙ্গে যখন এ ঘটনা ঘটেছে, তখন তার প্রতিক্রিয়া তো ব্যাপক হবেই।” এ ব্যাপারে তরুণীর আচরণের নিন্দা করেন আদিয়ানো। সেই সঙ্গে বলেন, এখন আর তিনি তার চিকিৎসার খরচ দেবেন না। যদিও প্রথমে তিনি তা দেয়ার পরিকল্পনা করেছিলেন। “ক্লাবে উপস্থিত এক বন্ধু তাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তখনই তাকে আমি প্রথম দেখি। তিনি যা করছেন তা ঠিক হচ্ছে না, আসলে তার কোনো চরিত্রই নেই,” বলে চলেন আদ্রিয়ানো, “আমি তাকে সহায়তা করতে চেয়েছিলাম, তার চিকিৎসার খরচ দিতে চেয়েছিলাম। কিন্তু এখন আর আমি দেবো না।” করিন্থিয়ান্সের সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা আদ্রিয়ানো করছেন না। তিনি বলেন, “আমার চুক্তি বাতিল সম্পর্কে করিন্থিয়ান্স কোনো কিছু বলেনি। তারা সব সময় আমাকে সহায়তা করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৬ ঘ.