২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তি মওকুফ চান এমিলি-মিঠুন

মানিকগঞ্জে বিনা অনুমতিতে খেলতে গিয়ে পাওয়া শাস্তি মওকুফ চান জাতীয় দলের দুই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। শাস্তি মওকুফের জন্য তাদের ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং তারা নিজেরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আবেদন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে বিনা অনুমতিতে খেলতে গিয়ে পাওয়া শাস্তি মওকুফ চান জাতীয় দলের দুই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী। শাস্তি মওকুফের জন্য তাদের ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র এবং তারা নিজেরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আবেদন করেছেন। গত জুলাইয়ে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের ম্যাচের আগে দিন জাতীয় দলের ক্যাম্পে থাকা অবস্থায় কাউকে কিছু না জানিয়ে মানিকগঞ্জে খেলতে যান এমিলি ও মিঠুন। এই অপরাধে তাদের ২ লাখ টাকা করে জরিমানা করা ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রত্যেককে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে বাফুফে আন্তর্জাতিক ম্যাচের বদলে তাদের ঘরোয়া লিগে শাস্তিটা দেয়ায় এ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। এমিলি ও মিঠুনের করা শাস্তি মওকুফের আবেদনের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এ ব্যাপারে তিনি বলেন, “বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি অচিরেই এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবে।” এ প্রসঙ্গে মিঠুন বলেন, “আমরা যে অন্যায় করেছি তা বাফুফেকে জানিয়েছি। শাস্তি মওকুফের জন্য আমরা চিঠিও দিয়েছি। দু রকম শাস্তিই যেন রদ করা হয় এটাই আমাদের প্রত্যাশা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৬ঘ.