ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তবে কি রিয়াল ছেড়ে ইংল্যান্ডেই যাচ্ছেন হোসে মরিনহো? ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে আবারো ফেরার ইচ্ছার কথা নিজ মুখে বলেছেন স্পেনের দল রিয়াল মাদ্রিদে এই কোচ। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের সঙ্গে মরিনহোর চার বছরের চুক্তির মেয়াদ শেষ হবে।
বিবিসি রেডিওকে সোমবার মরিনহো বলেন, “আমি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে খুবই খুশি। আমি এখানে কাজ করার একটি সুযোগও হারাতে চাই না। কিন্তু আমি ইংল্যান্ডের প্রতি তীব্র টান অনুভব করি এবং আমার পরবর্তী পদক্ষেপ হবে সেখানে ফিরে যাওয়া। যদি সম্ভব হয় তবে যাব এবং সেখানে লম্বা সময় থাকবো।”
হাসতে হাসতে মরিনহো আরো বলেন, “কয়েক বছরের জন্য আমাকে একটি ভালো ক্লাব পাইয়ে দেন।”
২০০৭ সালে ইংল্যান্ডের দল চেলসির সঙ্গে তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মরিনহো ইতালির ক্লাব ইন্টার মিলানের দায়িত্ব নেন। তার অধীনেই ইন্টার ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে। এরআগে ২০০৪ সালে পর্তুগালের দল পোর্তেকে ওই শিরোপা পাইয়ে দিয়েছিলেন পর্তুগিজ এই কোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৩ ঘ.
bdnews24