ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিলি¬¬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার রিপোর্ট এখনো জমা দেননি দলনেতা হারুনুর রশিদ ও ম্যানেজার আরিফ খান জয়। তাই তদন্ত শুরু করতে পারছে না বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি বাদল রায় জানিয়েছেন, “বারবার তাড়া দেয়া হয়েছে তাদেরকে। তারপরও কেন তারা রিপোর্ট জমা দিচ্ছেন না তা আমরা জানি না। এ ব্যাপারে তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন।”
গত ১৪ ডিসেম্বর ছিলো দলনেতা ও ম্যানেজারের রিপোর্ট জমা দেয়ার শেষ দিন। এর মধ্যে মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কিও বিদায় নিয়েছেন। তিনি দেশে ফিরে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ কেটে গেলেও ঘুম ভাঙেনি অন্যদের।
এ প্রসঙ্গে আরিফ খান জানিয়েছেন, “অসুস্থতার কারণে আমি রিপোর্ট জমা দিতে পারিনি। আমাকে এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে।”
অথচ সাফ ফুটবলে জাতীয় দলের ম্যানেজার নিয়োগ নিয়ে বাফুফেতে অনেক জলঘোলা হয়েছিলো। এ নিয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে পদত্যাগ পর্যন্ত করেছিলেন সাবেক ফুটবলার গোলাম রাব্বানি হেলাল।
সাফ ফুটবলে এবারই প্রথম বাংলাদেশ একটি ম্যাচেও জিততে পারেনি। গ্র“প পর্বে তিন ম্যাচের একটিতে ড্র ও দুটিতে হেরে সবার নিচে থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৯ঘ.
bdnews24