২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের চূড়ান্ত পর্বে আরো দুটি দল

ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে উঠেছে আরো দুটি দল। রোববার নিজ নিজ ম্যাচে জিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক এসসি মূল পর্বে ওঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে উঠেছে আরো দুটি দল। রোববার নিজ নিজ ম্যাচে জিতে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও অগ্রণী ব্যাংক এসসি মূল পর্বে ওঠে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে। ভিক্টোরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন আহমেদ। ম্যাচের ৪০ মিনিটে তিনি জয়সূচক গোলটি করেন। আর দ্বিতীয় ম্যাচে দশজনের দল নিয়েও অগ্রণী ব্যাংক ১-০ গোলে জিতেছে উত্তর বারিধারার বিপক্ষে। ম্যাচের ২৭ মিনিটে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন নুর হোসেন। অগ্রণী ব্যাংকের হানিফ প্রধান এ ম্যাচে লাল কার্ড পান। ম্যাচের ৭৪ মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফেলে দিলে রেফারি তাকে লাল কার্ড দেখান। এর আগে কক্সসিটি ক্লাব ও বাংলাদেশ পুলিশ প্রথম দুটি দল হিসেবে মূল পর্বে ওঠে। গত শুক্রবার কক্সসিটি ক্লাব ১-০ গোলে জেতে বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে। আর শনিবার বাংলাদেশ পুলিশ ৩-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। আর ওয়ারী ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নিজ নিজ ম্যাচে জয় পেলেও তাদের আরো একটি ম্যাচ খেলতে হবে। মঙ্গলবার দল দুটি লড়াইয়ে নামবে। আর ওই ম্যাচের জয়ী দল পঞ্চম দল হিসেবে মূল পর্বে উঠবে। এদিকে ওয়ারী ক্লাব নিজেদের প্রথম ম্যাচে ৩-০ গোলে জিতেছে বিয়ানীবাজার এসসির বিপক্ষে। আর বিকেএসপি টাইব্রেকারে ৪-১ গোলে হারায় বাংলাদেশ সেনাবাহিনীকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৪৫ঘ.