২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ পাতানোর কথা স্বীকার করলেন দোনি

শেষ পর্যন্ত আটলান্টার সাবেক অধিনায়ক ক্রিস্টিয়ানো দোনি গত মৌসুমে সেরি বি’র ম্যাচ পাতাতে সহায়তা করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তিনি ধরেই নিয়েছিলেন যে এতে তার দলের হারার কোনো সম্ভাবনা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত আটলান্টার সাবেক অধিনায়ক ক্রিস্টিয়ানো দোনি গত মৌসুমে সেরি বি’র ম্যাচ পাতাতে সহায়তা করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তিনি ধরেই নিয়েছিলেন যে এতে তার দলের হারার কোনো সম্ভাবনা নেই। ম্যাচ পাতানো ও অবৈধ বাজি নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে গত সোমবার ইতালির বিভিন্ন স্থান থেকে দোনিসহ ১৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পাঁচ দিনের নির্জন কারাবাসের পর শুক্রবার দোনিকে তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হয়। পরে বাদী পক্ষের আইনজীবীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে দোনি বলেন, “আটলান্টা ও পিয়াসেনজার মধ্যে ম্যাচ পাতানোর বিষয়টি আমি জানি। আমিই এটি অনুমোদন করেছিলাম এবং বাজিও ধরেছিলাম।” “আসকোলির সঙ্গে আমাদের খেলাটিও আমি পাতানোর চেষ্টা করেছিলাম। তবে এগুলো ছিল ব্যক্তিগত উদ্যোগ। আমি কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করিনি। আর ক্লাব এ ব্যাপারে কিছুই জানতো না,” যোগ করেন তিনি। খেলায় আটলান্টা পিয়াসেনজাকে হারায় ৩-০ গোলে। আসকোলির সঙ্গে খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এই দুটো পাতানো খেলায় দোনির ভূমিকা কি ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বছরের জুনে তদন্তের প্রথম দফায় ১৬ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই দোনিকে নিয়ে তদন্ত চলছে। সে সময় দোনি নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু অগাস্টে দেশটির ফুটবল ফেডারেশন দোনিকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। আটলান্টা এ মৌসুমে সেরি আ’য় খেলার সুযোগ পেলেও জরিমানা হিসেবে দলটির ছয় পয়েন্ট কেটে নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৭ ঘ.